সংরক্ষিত নারী আসন: বিএনপির ফরম বিক্রি ১৩০০

𓂃✍︎  নাগরিক প্রতিবেদক 𓂃✍︎

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে প্রার্থী হতে প্রায় ১ হাজার ৩০০ জন মনোনয়ন ফরম কিনেছেন। দলের নারীনেত্রীদের পাশাপাশি শিক্ষক, আইনজীবী, শিল্পীসহ বিভিন্ন পেশার অনেকে মনোনয়ন ফরম কিনেছেন।

বিএনপির সহদপ্তর সম্পাদক তারিকুল ইসলাম বলেন, তিন দিনে প্রায় ১ হাজার ৩০০ ফরম বিক্রি হয়েছে।

বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হতে যাঁরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন দলটির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মেয়ে খন্দকার আখতারা খাতুন, মহিলা দলের সাবেক নেত্রী শিরিন সুলতানা, বিএনপির সহশিক্ষাবিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারীর স্ত্রী বীথিকা বিনতে হোসাইন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের স্ত্রী নাজমুন নাহার, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেত্রী আরিফা সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখা ছাত্রদলের সাবেক সভাপতি তানজিন চৌধুরী, জাতীয়তাবাদী মহিলা দলের সহত্রাণবিষয়ক সম্পাদক নুরুন্নাহার, মহিলা দলের কৃষিবিষয়ক সম্পাদক সেলিনা হাফিজসহ অনেকে।

মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। তিনি ঢাকা–১৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। সাংস্কৃতিক অঙ্গন থেকেও কয়েকজন মনোনয়ন ফরম কিনেছেন। তাঁদের মধ্যে আছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন, কনকচাঁপা, দিলরুবা খান, রিজিয়া পারভীন ও দিঠি আনোয়ার। এ ছাড়া অভিনেত্রী রিনা খান ও নৃত্যশিল্পী ফারহানা চৌধুরীও ফরম নিয়েছেন।

বিএনপি সূত্রে জানা গেছে, মনোনয়ন ফরম নিতে ২ হাজার টাকা এবং জমা দেওয়ার সময় জামানত হিসেবে অফেরতযোগ্য ৫০ হাজার টাকা নেওয়া হচ্ছে। আগামীকাল রোববার পর্যন্ত তিন দিন এই ফরম বিক্রি চলবে।

আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন হবে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি। প্রতি ছয়জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন হবে। সে অনুযায়ী, বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা মিলে একটি সংরক্ষিত আসন পাবে বলে জানিয়েছেন ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল করা যাবে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল।

মনোনয়ন ফরম বিক্রি বেশি ইঙ্গিত করে রহুল কবির রিজভী বলেন, ‘এবারের প্রত্যাশা অত্যন্ত বেশি এই কারণেই যে দীর্ঘ ১৬–১৭ বছর এক ভয়ানক দুর্বিষহ পরিস্থিতি অতিক্রম করে আজকের এই জায়গায় উপনীত হয়েছে। একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য দীর্ঘ লড়াই করতে হয়েছে। ১৫–১৬ বছরের লড়াইয়ের পর গণতান্ত্রিক চর্চার রীতিনীতি এবং এটি অনুশীলন করার যে পরিবেশটি পাওয়া গেছে, সেটির সর্বোচ্চ ব্যবহার আমাদের করতে হবে।’

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *