✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎
সংরক্ষিত নারী আসনের উপ-নির্বাচনে বিএনপির এলিজা জামানকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) এ উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্মসচিব মঈন উদ্দীন খান এ ঘোষণা করেন।
মঈন উদ্দীন খান বলেন, আইনি প্রক্রিয়া শেষে একক প্রার্থী হওয়ায় এলিজা জামানকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন ইতোমধ্যে গেজেট প্রকাশের অনুমোদন দিয়েছে। কিছুক্ষণের মধ্যে নতুন এই সংসদ সদস্যের নাম ও পূর্ণাঙ্গ ঠিকানাসহ গেজেট প্রকাশের পরপরই শপথ গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তা জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হবে।
গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। পরে গত ১২ অক্টোবর নির্বাচন কমিশন এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ২৬ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়। ২৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ২৮ অক্টোবর বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল এবং ২৯ অক্টোবর আপিল নিষ্পত্তির দিন ধার্য ছিল। ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং আজ ২ নভেম্বর প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারণ করা হয়।
আগামী ১২ নভেম্বর এ আসনে ভোটগ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে। তবে চূড়ান্ত বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের পর কেবল একজন বৈধ প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করার বিধান রয়েছে।
