হামের টিকা পেয়েছে ৯৪ লাখ ২৪ হাজার শিশু

✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎

হামের সংক্রমণ বেড়ে যাওয়ার পর গতকাল সোমবার পর্যন্ত সারা দেশে ৯৪ লাখ ২৩ হাজার ৭৯৯টি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।

হাম-রুবেলার টিকাদান কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, প্রতিরোধযোগ্য এই রোগে আর একটি মৃত্যুও যাতে না হয়, সরকার সেই চেষ্টা করছে।

সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আজ মঙ্গলবার এক ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা এসব তথ্য জানান।

জাহেদ উর রহমান বলেন, হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন চলমান। ২৭ এপ্রিল (সোমবার) সন্ধ্যা পর্যন্ত ৯৪ লাখ ২৩ হাজার ৭৯৯টি শিশু হামের টিকা পেয়েছে।

উপদেষ্টা বলেন, ‘চলতি সপ্তাহে হামে আরও কিছু শিশুর মর্মান্তিক মৃত্যুর সংবাদ পেয়েছি। আগেও বলেছি এই সংকটটা আমাদের দায় না। তবে মৃত্যুগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা আমাদের সরকারের পক্ষ থেকে প্রতিজ্ঞা করছি, প্রতিরোধযোগ্য রোগে সরকারের অবহেলার জন্য একটি মৃত্যুও যেন না হয়, সেই চেষ্টা আমরা সর্বত্র করব। টিকার মাধ্যমে যে রোগগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারি, সেগুলোর মধ্যে একটি শিশুর মৃত্যুও আসলে কোনোভাবেই ছাড় দেওয়া যেতে পারে না, এটা খুবই মর্মান্তিক!’

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে তিন শিশু এবং হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩।

২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৭৬ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৩৪ হাজার ৬৬২ জনের হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৬৩ জনের। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮৫৬।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭-এ। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৬।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯০৬ জন। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৭৩ জন।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৩ হাজার ৩৪৮ জন। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১৯ হাজার ৯৯১ জন।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *