✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎
ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে জয় পেয়েছে বিএনপি ও গণঅধিকার পরিষদ সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল)।
২৩টি পদের সব কয়টিতে জয় পেয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে যাচ্ছে এই প্যানেল।
গত বুধ ও বৃহস্পতিবার দুই দিন ব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, মোট ২০ হাজার ৭৮৫ ভোটারের মধ্যে ৭ হাজার ৬৯ জন ভোট প্রদান করেন, যা শতকরা ৩৪.২ শতাংশ। এতে ৪ হাজার ৪৮৮ ভোট পেয়ে সভাপতি পদে মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া এবং ৪ হাজার ৪৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান নির্বাচিত হয়েছেন।
শুক্রবার মধ্যরাতে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার মো. বোরহান উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।
বিজয়ী অন্য প্রার্থীরা হলেন—সিনিয়র সহসভাপতি মো. রেজাউল করিম চৌধুরী, সহসভাপতি মো. আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আনিসুজ্জামান (আনিস), সিনিয়র সহসাধারণ সম্পাদক মো. এলতুতমিশ সওদাগর (অ্যানি), সহসাধারণ সম্পাদক মো. মাহাদী হাসান জুয়েল, লাইব্রেরি সম্পাদক খন্দকার মাকসুদুল হাসান (সবুজ), সাংস্কৃতিক সম্পাদক মারজিয়া হীরা, অফিস সম্পাদক মো. আফজাল হোসেন মৃধা, ক্রীড়া সম্পাদক মো. সোহেল খান, সমাজকল্যাণ সম্পাদক এ.এস.এম ফিরোজ এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে শফিকুল ইসলাম (শফিক)।
সদস্য পদে বিজয়ী—এ.এইচ.এম রেজওয়ানুল সাঈদ (রোমিও), ফারজানা ইয়াসমিন, মো. আদনান রহমান, মো. নিজাম উদ্দিন, মো. নজরুল ইসলাম (মামুন), মো. সানাউল, মামুন মিয়া, মুজাহিদুল ইসলাম (সায়েম), শেখ শওকত হোসেন এবং সৈয়দ সারোয়ার আলম (নিশান)।
উল্লেখ্য, ২০২৬-২০২৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৩টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) এবং জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ (সবুজ প্যানেলে) প্রতিদ্বন্দ্বিতা করেন। উভয় প্যানেলে ২৩ জন করে মোট ৪৬ জন ছাড়াও স্বতন্ত্র আটজন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এবারই প্রথম আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নির্বাচনে অংশ নেয়নি। তবে একাধিক আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ দেখালেও ‘অনুমতি’ না মেলায় অংশ নিতে পারেননি বলে অভিযোগ রয়েছে। আওয়ামীপন্থি আইনজীবীদের দাবি, নির্বাচন করতে না পারায় তাদের সমর্থকেরা ভোটও দেয়নি এবারের নির্বাচনে।
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে জাল ভোট ও ব্যাপক অনিয়মের অভিযোগ করেছে জামায়াতপন্থি আইনজীবীদের বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল। তাদের দাবি, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়নি।
তিনি জানান, প্রচলিত নিয়ম অনুযায়ী দুটি প্যানেলে নির্বাচন হলে সবার মতামতের ভিত্তিতে একজন প্রধান নির্বাচন কমিশনার মনোনীত হন এবং উভয় প্যানেল থেকে সমান সংখ্যক সদস্য (৫ জন) করে নিয়ে ১০ সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়।
তাদের অভিযোগ, এ নিয়ম মানা হয়নি। বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে ৯০ জন এবং সবুজ প্যানেল থেকে ৪১ জন সদস্য নিয়ে কমিশন গঠন করায় ভারসাম্য নষ্ট হয় এবং নির্বাচন শুরু থেকেই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।
