✍︎ সিলেট প্রতিনিধি ✍︎
সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।রোববার (৩ মে) সকাল ৬টা ২৫ মিনিটের দিকে শ্রমিকবাহী একটি পিকআপ ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মো. সুরুজ আলী (৬০), নুরুজ আলী (৬০), সেতটি গ্রামের মোছা. মুন্নি (৩৫), নুরনগর এলাকার মো. ফরিদুল (৩৫), সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সরিষা নার্গিস (৪৫), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের পান্ডব বিশ্বাস (২০), পুটামারা গ্রামের বদরুজ্জামান (৪৫) ও সিলেট নগরের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার মো. বদরুল (৩০)।
আহতদের মধ্যে রয়েছেন-হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের রফিক মিয়ার ছেলে মো. আলমগীর (৩২), সিলেট নগরের কালিবাড়ি এলাকার তোরাব উল্লাহ (৬০), আম্বরখানার লোহারপাড়ার রামিন (৪০) ও একই এলাকার আফরোজ মিয়া (৪০), সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাছতলা গ্রামের খোকন মিয়ার মেয়ে রাভু আক্তার (২৫), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাউমারা গ্রামের বদরুজ্জামানের মেয়ে হাফিজা বেগম (৩০) এবং দিরাই উপজেলার ভাটিপাড়ার রাজা মিয়া (৪৫)।
আহত কয়েকজন জানান, ভবনে ঢালাইয়ের কাজের জন্য সিলেটের আম্বরখানা থেকে একটি পিকআপে করে দক্ষিণ সুরমার লালাবাজারের দিকে যাচ্ছিলেন তাঁরা। পিকআপে ২০ জন ছিলেন। সঙ্গে ছিল ঢালাই মেশিন। পিকআপটি তেলিবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক আসা কাঁঠালবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপে থাকা সবাই ছিটকে পড়েন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুজ্জামান জানান, ট্রাক ও পিকআপ জব্দ করা হচ্ছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানান, হতাহত ব্যক্তিদের নাম–ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। মরদেহগুলো সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে রয়েছে।
এ ঘটনায় আরও কয়েকজন শ্রমিক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুর্ঘটনার পর থেকেই পিকআপ ও ট্রাক উভয় চালক পলাতক রয়েছেন। তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
