✍︎ নাগরিক নিউজ ডেস্ক ✍︎
লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিহ জেলার জেবদিনের একটি বাড়িতে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। নিহত অপরজন সিরীয় নাগরিক।
দূতাবাস সূত্রে জানা যায়, নিহত দুই প্রবাসী কর্মী হলেন-শফিকুল ইসলাম এবং মো. নাহিদুল ইসলাম। তাদের বাড়ি সাতক্ষীরা জেলায়।
দূতাবাসে কথা বলে জানা গেছে, দুই জনই লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ের যেব্দীন এলাকায় নিজের বাসায় অবস্থান করছিলেন। দুপুর ১২টার দিকে ইসরায়েলের আকস্মিক বিমান হামলায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। বর্তমানে তাদের মরদেহ নাবাতিয়ের নাবিহ বেররী হাসপাতালে রাখা হয়েছে। তাদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে দূতাবাস।
এই নিয়ে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যে ১০ জন বাংলাদেশি মারা গেছেন।
এর আগে গত ৮ এপ্রিল বৈরুতের একটি ভবনে ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশি নারী কর্মী দিপালী বেগম গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় রফিক হারিরি হাসপাতালে তার মৃত্যু হয়। গত ৮ মে তার মরদেহ দেশে এসে পৌঁছায়।
যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। ধারণা করা হচ্ছে গতকাল এ হামলা চালানো হয়।
এর আগে, দক্ষিণ লেবাননের নয়টি গ্রামের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে সেখানে বিমান ও গোলাবর্ষণ অভিযান চালানো হবে।
ইসরায়েলি হামলার জবাবে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও পাল্টা হামলা চালাচ্ছে। তারা আজও ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ড্রোন হামলা চালিয়েছে।
গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। কিন্তু ইসরায়েলি সেনারা এটি অমান্য করে দক্ষিণ লেবাননে সাধারণ মানুষের ঘরবাড়ি ধ্বংস করতে থাকে। এর পাশাপাশি হিজবুল্লাহর যোদ্ধাদেরও টার্গেট করে তারা। জবাবে হিজবুল্লাহ পাল্টা হামলা চালায়।
