✍︎ নারায়ণগঞ্জ প্রতিনিধি ✍︎
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে দেখতে বাড়ির ভেতরে যাওয়ার চেষ্টা করেছেন মোসাদ্দেকা বেগম। তবে নিরাপত্তার কড়াকড়ির কারণে ভেতরে যেতে পারেননি।
প্রায় এক বছর সময় কারাভোগ করে বাড়ি ফিরেছেন সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাতে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়ে সোজা বাড়ি ফেরেন তিনি। আজ বৃহস্পতিবার সকাল থেকে তাঁর বাড়ির সামনে লোকজনের ভিড় বাড়তে শুরু করে। তবে আজ কেবল আত্মীয়স্বজনদের সঙ্গেই সাক্ষাৎ করছেন বলে জানানো হয়েছে তাঁর পরিবারের পক্ষ থেকে।
আইভী বাড়ির বারান্দায় তাঁর ভগ্নিপতি ও জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদিরসহ অন্য স্বজনদের সঙ্গে কথা বলছেন। আইভীর ভাই আলী রেজা উজ্জ্বল জানান, আপাতত পরিবারকে সময় দিচ্ছেন আইভী। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
এদিকে আইভীর বাসার সামনে পুলিশের পক্ষ থেকে স্থাপন করা হয়েছে একাধিক সিসি ক্যামেরা। যার মাধ্যমে এই বাসায় কাঁরা আসছেন, তা নজরদারি চালাতে পারবে পুলিশ প্রশাসন। সরেজমিনে দেখা যায়, আইভীর বাসভবনের সামনে ও আশপাশের কয়েকটি স্থানে পুলিশ সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে। নিরাপত্তা ও পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে এসব ক্যামেরা বসানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে সিসি ক্যামেরা স্থাপনের খবরে অনেকে সাহস করছেন না আইভীর সঙ্গে সাক্ষাৎ করতে।
সিসি ক্যামেরা লাগানোর বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান। তিনি বলেন, ‘এটি আমাদের নিজস্ব বিষয়। নিরাপত্তাসহ সার্বিক কারণে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।’
বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, তিনি একজন সাবেক মেয়র হওয়ায় তার নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি তিনি যেন নিষিদ্ধ কোনো সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত না হন কিংবা তার পক্ষে কেউ উসকানিমূলক কর্মকাণ্ড পরিচালনা না করে, সেটিও আমাদের পর্যবেক্ষণে রয়েছে।
তিনি জানান, এ কারণে ওই এলাকায় সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে।
তারেক আল মেহেদী আরও বলেন, জামিনে থাকা অবস্থায় আইভী তার স্বাভাবিক কার্যক্রম চালাতে পারবেন। তবে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে কোনো কর্মসূচিতে অংশ নিতে পারবেন না। এমন কিছু হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সার্বিক পরিস্থিতির ওপর আমাদের নজরদারি থাকবে।
আইভীর বাড়ির সামনে সিসিটিভি স্থাপনের বিষয়টিও নিশ্চিত করেন তিনি। তবে এটি শুধু তার বাড়িকে কেন্দ্র করে নয় বলে দাবি পুলিশের এই কর্মকর্তা।
তার দাবি, নারায়ণগঞ্জকে অপরাধমুক্ত রাখতে শহরের অলিগলি পর্যন্ত সিসিটিভির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে পুরো শহরে প্রায় দুই হাজার ক্যামেরা স্থাপন করা হবে।
সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি। ২০২৪ সালের ৫ আগস্টের পর নারায়ণগঞ্জে আওয়ামী লীগের জনপ্রতিনিধি সবাই পালিয়ে গেলেও নিজ বাসায়ই অবস্থান করেছিলেন আইভী। এমনকি সিটি করপোরেশনের মেয়রের পদ থেকে অপসারণের আগপর্যন্ত নিয়মিত অফিসও করছিলেন। ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জের দেওভোগে নিজ বাসা চুনকা কুটির থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
