✍︎ জামালপুর প্রতিনিধি ✍︎
গ্যাস সংকটে আট মাসের বেশি সময় বন্ধ থাকার পর জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। সোমবার ৩টা ১০ মিনিটে কারখানাটিতে দানাদার ইউরিয়া উৎপাদন শুরু হয়।
গ্যাস সংকটের কারণে গত ১৫ জানুয়ারি থেকে কারখানাটির উৎপাদন বন্ধ ছিল। ২০ সেপ্টেম্বর তিতাস কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ শুরু করলে ওই দিন দুপুর ১২টা থেকে কারখানার স্টার্ট-আপ কার্যক্রম শুরু করা হয়।
উৎপাদন শুরু না হলেও স্টার্ট-আপ কার্যক্রম চালাতে প্রতিদিন প্রায় আড়াই থেকে তিন কোটি টাকার গ্যাস ব্যবহার হয়েছে। এতে সরকারের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান তারা।
১৯৯০ সালে প্রতিষ্ঠিত যমুনা সার কারখানায় ১৯৯১ সালে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। দেশের দ্বিতীয় বৃহত্তম এ সার কারখানার দৈনিক ইউরিয়া উৎপাদনক্ষমতা ১ হাজার ৭০০ মেট্রিক টন। তবে যান্ত্রিক সীমাবদ্ধতার কারণে বর্তমানে দৈনিক ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন সম্ভব।
কারখানাটি জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল ও রাজবাড়ীসহ উত্তরাঞ্চলের ২১টি জেলায় সার সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক আফাজ উদ্দিন বললেন, ‘ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। উৎপাদন শুরুর ক্ষেত্রে সহযোগিতা করায় প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, বিসিআইসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
