দিল্লিতে বিক্ষোভ: ছাড়া পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ জন

✍︎ নাগরিক নিউজ ডেস্ক ✍︎ 

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রঙ্কা আদালত থেকে ছাড়া পেয়েছেন। অন্যদিকে, ইউটিউবার ধ্রুব রাঠিকে শনিবার গভীর রাতে ছেড়ে দেওয়া হয়েছে।

সূত্র জানিয়েছে, আগামী এক বছর ‘শান্তিভঙ্গ’ হতে পারে এমন কোনো কাজ করবেন না– এই শর্তে তাদের মুক্তি দেওয়া হয়েছে।

সিজেপি শনিবারের যন্তর মন্তর বিক্ষোভের আগে দিল্লি পুলিশ ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছিল। একজন পুলিশ কর্মকর্তা জানান, তাকে গতকাল গভীর রাতে ছেড়ে দেওয়া হয়েছে।

এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘তিনি যদি নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করেন, তবে তাকে আবার আটক করা হতে পারে বা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।’

মুক্তি পাওয়ার পর ধ্রুব রাঠি জানান, তাকে আটক করা হয়নি, বরং ‘অপহরণ’ করা হয়েছিল।

বাড়ি ফিরে এক্স-এ ভিডিও পোস্ট করে রাঠি লেখেন, ‘আমাকে গ্রেফতার বা আটক করা হয়নি, আমাকে অপহরণ করা হয়েছিল। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ, পুরো ঘটনাটি এখানে তুলে ধরা হলো।’

সকালে সিজেপির এই তিন নেতাকে দিল্লি কন্টনমেন্টের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে নিয়ে যাওয়া হয়। ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পরিকল্পিত বিক্ষোভের দ্বিতীয় দিনে এই প্রতিরোধমূলক আটকের ঘটনা ঘটে।

শনিবার রাজনীতিবিদসহ ৭ হাজারেরও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছিল এবং পরে রাতে ছেড়ে দেওয়া হয়। দিল্লির যন্তর মন্তরে বিশৃঙ্খলা এড়াতে পুলিশ চারপাশে নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি করে, যার ফলে বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন স্থানে ছোট ছোট দলে ভাগ হয়ে যেতে বাধ্য হয়।

প্রসঙ্গত, ভোটার তালিকা পুনর্নিরীক্ষণ বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ডাক দেওয়া দুই দিনব্যাপী আন্দোলনের দ্বিতীয় দিন অর্থাৎ রোববার সকালে তাদের গ্রেফতার দেখানো হয়েছিল। এর আগে শনিবার  আন্দোলনের প্রথম দিন দিল্লি বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়। 

এই আন্দোলনের কারণে কেন্দ্রীয় দিল্লির ঐতিহ্যবাহী যন্তর মন্তরে পৌঁছানোর সব পথ বন্ধ করে অভাবনীয় নিরাপত্তার বলয় তৈরি করে দিল্লি পুলিশ। এতে মূল জমায়েত ভেস্তে গেলে বিক্ষুব্ধ জনতা পুরো শহরের বিভিন্ন স্থানে ছোট ছোট দলে বিভক্ত হয়ে প্রতিবাদে ফেটে পড়েন। পরিস্থিতি সামাল দিতে রাজনীতিক, সমাজকর্মীসহ অন্তত ৩ হাজারেরও বেশি আন্দোলনকারীকে আটক করা হয়, যাদের বড় একটি অংশকে রাতেই ছেড়ে দেওয়া হয়। মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে বিরোধী দল কংগ্রেসের এমপি রাহুল গান্ধীর সমর্থক ও ক্ষমতাসীন এনডিএ সরকারের তীব্র সমালোচক হিসেবে পরিচিত জনপ্রিয় ইউটিউব অ্যাক্টিভিস্ট ধ্রুব রাঠীও ছিলেন। 

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *