ছাত্রদল নেতা শাকিলের জানাজায় এমপির বিরুদ্ধে স্লোগান

✍︎ নাটোর প্রতিনিধি ✍︎

নাটোরের গুরুদাসপুরে নিহত ছাত্রদল নেতা শাকিল ইসলামের জানাজার সময় সংসদ সদস্য আব্দুল আজিজের উদ্দেশে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছেন স্থানীয় লোকজন। তিনি শাকিল হত্যা মামলায় গ্রেফতার নুরুজ্জামান মিন্টুর বাবা ও নাটোর-৪ আসনের এমপি আব্দুল আজিজ। 

গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম বাংলাদেশ মেডিকলে বিশ্ববিদ্যালয় হাসপাতালে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে মারা যান। মঙ্গলবার রাত ১০টার দিকে গুরুদাসপুরের বিলচলন সামসুজ্জোহা কলেজ মাঠে শাকিলের জানাজা অনুষ্ঠিত হয়। 

জানাজায় এমপি আব্দুল আজিজ অংশ নিয়ে নিহত শাকিলের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ২০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিতেই উপস্থিত মুসল্লিরা উত্তেজিত হয়ে ওঠেন। পরে জানাজা শেষ করেই তিনি ফিরে যান।

জানাজায় জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ জেলা বিএনপির নেতাকর্মী অংশ নেন। 

ছাত্রদল নেতা শাকিলের জানাজার পর এমপির ছেলের ঘনিষ্ঠ প্রবাসীর শপিংমলে ভাঙচুর

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলামের জানাজার পর চাঁচকৈড় বাজারে ‘রাশ মেগা মল’ নামে একটি শপিংমলে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। শপিংমলটির স্বত্বাধিকারী আমেরিকাপ্রবাসী রাসেল হোসাইন দাবি করেছেন, এ ঘটনায় প্রায় ৫ কোটি টাকার মালামাল লুট হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলামকে গত ১৪ অক্টোবর দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করে। ঢাকার পিজি হাসপাতালে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টুকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার রাত ৯টার দিকে গুরুদাসপুরের জোহা কলেজ মাঠে শাকিলের জানাজা অনুষ্ঠিত হয়। স্থানীয়দের ভাষ্য, জানাজা শেষে শতাধিক লোক চাঁচকৈড় বাজারে অবস্থিত রাশ মেগা মলে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

শপিং মলটির স্বত্বাধিকারী যুক্তরাষ্ট্রপ্রবাসী রাসেল হোসাইন। স্থানীয় মানুষদের ভাষ্য, শাকিল হত্যা মামলায় গ্রেফতার নাটোর-৪ আসনে বিএনপির সংসদ সদস্য আবদুল আজিজের বড় ছেলে নূরুজ্জামানের সঙ্গে রাসেলের ঘনিষ্ঠতা আছে। এর জেরে এ ঘটনা ঘটতে পারে।

শপিংমলটির স্বত্বাধিকারী রাসেল হোসাইন অভিযোগ করেন, প্রতিষ্ঠানটি চালুর পর থেকেই একটি মহল বিভিন্নভাবে এটি বন্ধ করে দেওয়ার চেষ্টা করে আসছিল। শাকিলের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ওই মহল আবারও সুযোগ নিয়েছে বলে দাবি তাঁর। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে স্থানীয় কয়েকজনের অভিযোগ, সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর সঙ্গে শপিংমল মালিকের ঘনিষ্ঠতার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।

ঘটনার পর শপিংমল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

তবে জেলা প্রশাসক সুমনী আক্তার গণমাধ্যমকে জানান, কিছু সুযোগসন্ধানী লোক মব সৃষ্টি করে একজন প্রবাসীর ক্ষতিসাধন করেছেন। পুলিশকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *