যুবদল থেকে বহিষ্কার এমপিপুত্র মিন্টু, ওসি প্রত্যাহার

✍︎ নাটোর প্রতিনিধি ✍︎

নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় গ্রেফতার সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে দল থেকে বহিষ্কার করেছে যুবদল।

একই ঘটনায় গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নানকে রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় যুবদল মিন্টুকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্রাতৃপ্রতিম সংগঠনের সহযোদ্ধার প্রাণহানির মতো গুরুতর কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টুকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো অপকর্মের দায় দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে শাকিল হত্যা মামলার পরিপ্রেক্ষিতে ওসি আব্দুল হান্নানকে জনস্বার্থে রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।

অফিস আদেশ নম্বর ৯৭৭-এ বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নাটোর জেলায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক আব্দুল হান্নান রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন। গত মঙ্গলবার রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ আদেশে স্বাক্ষর করেন।

নাটোরে শাকিল হত্যার বিচার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যার প্রতিবাদ এবং আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। বুধবার বিকেলে নাটোরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশ করেন তাঁরা।

সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম বলেন, শাকিল দলের জন্য নিবেদিত নেতা ছিলেন। গত ১৭ বছরে তিনি অনেক নির্যাতনের শিকার হয়েছেন। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা যত শক্তিশালীই হোক, তাঁদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। দ্রুত ব্যবস্থা না নিলে ছাত্রদল রাজপথে নেমে বিভিন্ন কর্মসূচি দিতে বাধ্য হবে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ হোসেন সৃজন বলেন, তারেক রহমানের হাতে গড়া ছাত্রদল ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়েই বর্তমান সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে। শাকিল হত্যার আসামিদের দ্রুত গ্রেফতার করা না হলে ছাত্রদলের অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করে বিচার চাইবেন তাঁরা।

সমাবেশে জেলা ছাত্রদলের সহসভাপতি মিনহাজ মনির, যুগ্ম সাধারণ সম্পাদক হামিম শেখ, সাংগঠনিক সম্পাদক হাসান শরিফ চমক ও সদর উপজেলা ছাত্রদলের সভাপতি আনাম আহমেদসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে বিলচলন শহীদ শামসুজ্জোহা কলেজের পাশে হামলার শিকার হন শাকিল ইসলাম। অভিযোগ, পেছন থেকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয় শাকিলকে। পরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ২৬ অক্টোবর রাতে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় ১৯ অক্টোবর শাকিলের বাবা রবিউল করিম বাদী হয়ে ৮ থেকে ১০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের এমপি আব্দুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *