রাজধানীর বিভিন্ন স্থানে আগুনসন্ত্রাস ও ককটেলবাজি

✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎  

ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে প্রত্যাবর্তনের ঘোষণার পর রাজধানীর বিভিন্ন স্থানে নিষিদ্ধ রাজনৈতিক দলের দুর্বৃত্তদের আগুনসন্ত্রাস ও ককটেলবাজি ঘটনা ঘটেছে।

রাজধানীর মিরপুর-১ নম্বরে চলন্ত একটি প্রাইভেটকারে ওপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাত পৌনে ৯টার দিকে সনি সিনেমা হলের সামনের গোলচত্বরে এ ঘটনা ঘটে।

অজ্ঞাতনামা এক মোটরসাইকেল আরোহী চলন্ত প্রাইভেট কারটির বনেটের ওপর একটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটান। এরপর দ্রুত মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।

বিস্ফোরণে গাড়িটির বনেটে গর্ত সৃষ্টি হয় এবং রং নষ্ট হয়ে যায়। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থান ও পল্লবী থানা প্রাঙ্গণের পর এবার মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম আরিফ বলেন, সিআইডি কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ আহত হননি। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। টিএসসি, প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা, উপাচার্যের বাসভবনসংলগ্ন ভিসি চত্বর, কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), মধুর ক্যানটিনের সামনে এবং নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণসহ আশপাশের কয়েকটি স্থানে এসব বিস্ফোরণ ঘটানো হয়। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

টিএসসি এলাকায় বিস্ফোরণের পর দুজনকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করেন শিক্ষার্থীরা।

এদিকে সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর পল্লবী থানা প্রাঙ্গণেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কালশী ফ্লাইওভারের ওপর থেকে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত থানার ভেতরে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য সামান্য আহত হন।

জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন

রাজধানীর ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটিতে অগ্নিসংযোগের খবর পায় ভাটারা থানা-পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীস রায় জানান, আগুন লাগার খবর পেয়ে থানা থেকে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের বিস্তারিত তথ্য জানা যায়নি।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের হলুদ রঙের বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে।

তবে কারা ও কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

সোহাগ পরিবহনের বাসে আগুন

রাজধানীর মহাখালী টার্মিনালে পার্কিং করে রাখা সোহাগ পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্তব্যরত কর্মকর্তা শাহজাহান হোসাইন বলেন, রাত ১২টা ৫৭ মিনিটে মহাখালী বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার খবর পাই আমরা। পরে তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হামিদ।

তিনি জানান, মহাখালী বাস টার্মিনালের পিছনের শেষ মাথায় সোহাগ পরিবহনের একটি বাস পার্কিং করা ছিল। রাত আনুমানিক ১টার দিকে দুর্বৃত্তরা ঐ বাসটিতে আগুন দেয়। আগুনে পুরো বাসটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে।

সেতু ভবনের গার্ড রুমের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর বনানীতে সেতু ভবনের গার্ড রুমের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গার্ড রুমের কাচ ভেঙে গেছে। ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

শনিবার (৭ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সেতু ভবনের গার্ড রুমের সামনে একটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গার্ড রুম লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করলে সেটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ফলে গার্ড রুমের কাচ ভেঙে যায়। খবর পেয়ে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরিত ককটেলের অবশিষ্টাংশ সংগ্রহ করে। এছাড়া সেখানে আরও একটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। সেটি নিষ্ক্রিয় করার জন্য পুলিশের প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

শনিবার দিবাগত রাত রাত ১টা ৫ মিনিটে বনানী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, রাত ১০টা ২০ মিনিটের দিকে সেতু ভবনের সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। আরো একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছে বলে জানান তিনি।

যাত্রাবাড়ী চৌরাস্তায় দফায় দফায় ককটেল বিস্ফোরণ

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন।

তিনি জানান, রাত ১টা দশ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। তবে এতে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। ঘটনাস্থলে আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। ভিডিওতে দেখা যায় হেলমেট পড়া এক ব্যক্তি, বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *