✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্যসচিব করা হয়েছে।
রোববার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চার সদস্যের পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলকে। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আ ন ম সাইফুল ইসলামকে।
ঢাকা মহানগর উত্তরের কমিটি ঘোষণার এক সপ্তাহ পর রোববার (৮ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়। চার সদস্যের এই কমিটিতে আবদুস সালামকে আহ্বায়ক, আবদুল কাদির ভূঁইয়া জুয়েলকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, আ ন ম সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্যসচিব করা হয়েছে। এর আগে এই কমিটির আহ্বায়ক ছিলেন রফিকুল আলম মজনু। সাইফুল ইসলাম ও তানভীর আহমেদ আগের কমিটিতেও একই দায়িত্বে ছিলেন। রফিকুল আলম ফেনী-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পুনর্গঠিত আহ্বায়ক কমিটিতে রফিকুল আলমকে রাখা হয়নি।
বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এর আগেও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ছিলেন। অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব এবং ঢাকা সিটি করপোরেশনের ডেপুটি মেয়রের দায়িত্বও পালন করেছেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সালাম ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থী হননি। ওই নির্বাচনে তিনি ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ছিলেন।
আবদুস সালাম বর্তমানে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। তিনি আসন্ন সিটি নির্বাচনে দক্ষিণ সিটি থেকেই মেয়র পদে নির্বাচন করবেন বলে দলে আলোচনা আছে। এরই মধ্যে তাঁর নতুন দলীয় দায়িত্ব পাওয়াকেও মেয়র পদে প্রার্থিতার একটা সংকেত হিসেবে দেখছেন তাঁর ঘনিষ্ঠজনেরা।
এ দিকে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীও ঢাকার দুই সিটির মেয়র পদে প্রার্থী ঠিক করেছে। উত্তরে দলটির ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। গত ৪ অক্টোবর রাজধানীর মধুবাগে এক অনুষ্ঠানে তাঁদের মেয়র প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন জামায়াতের আমির শফিকুর রহমান।
