নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে

✍︎ নারায়ণগঞ্জ প্রতিনিধি ✍︎

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থীকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে মাদ্রাসার দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন লাগে। রাত ৩টা ৪৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ জন শিক্ষার্থী হাসপাতালে এসেছেন। শিক্ষার্থীদের বয়স ১০ থেকে ৩০ বছরের মধ্যে।

তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় থাকা চারজনকে আইসিইউতে নেওয়া হয়েছে। এদের মধ্যে একজনকে বর্তমানে মেকানিক্যাল ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আবাসিক চিকিৎসক।

আইসিইউতে থাকা তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।

জামিয়া আশরাফিয়া মাদ্রাসার শিক্ষক আজিজুর রহমান জানান, মাদ্রাসাটি ফতুল্লার শান্তিধারা এলাকায় অবস্থিত। রাতে যখন সবাই ঘুমিয়ে ছিলেন, তখন মাদ্রাসার লাইব্রেরিতে আগুন লাগে। এরপর সেই ধোঁয়া ছড়িয়ে পড়লে অসুস্থ হয়ে পড়েন সবাই।

কাঁচপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার পার্থ হালদার জানান, মাদ্রাসার দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুনের সূত্রপাত হয়। রাত ১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। লাইব্রেরির বইয়ে আগুন লাগার কারণে ভবনের ভেতরে প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, ধোঁয়ার কারণে ঘুমন্ত অবস্থায় কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের হাসপাতালে পাঠানো হয়। রাত ৩টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এ সময় ভবনে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধোঁয়ার কারণে কয়েকজন শিক্ষার্থীর শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে। তবে প্রাথমিকভাবে মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আহত শিক্ষার্থীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *