ঢাবি ছাত্রশক্তির সভাপতির ওপর আ.লীগের হামলা

✍︎ শ্রীমঙ্গল প্রতিনিধি ✍︎

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভাতৃপ্রতিম ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি হাসিব উল ইসলামের ওপর গুপ্ত হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুরে উপজেলার রাধানগর এলাকায় টমটমে করে স্ত্রীসহ বালিশিরা রিসোর্ট থেকে চেক-আউট করে কুমিল্লার উদ্দেশে রওনা হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির সভাপতি হাসিব উল ইসলাম। রাধানগর এলাকায় পৌঁছাতেই একদল যুবক তাদের পথরোধ করে বলে ভিডিওতে দেখা যাচ্ছে।

প্রথমে এক যুবক কুশল বিনিময়ের ভঙ্গিতে এগিয়ে আসেন। এরপর হঠাৎ উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন এবং হাসিব উল ইসলামকে লক্ষ্য করে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করেন। এ সময় হাসিব দৌড়ে ঘটনাস্থল থেকে সরে যান। সঙ্গে থাকা নারীকেও ভিডিওতে আতঙ্কিত অবস্থায় দেখা যায়।

এ ঘটনায় স্থানীয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিবসহ আরও ৪-৫ জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, হাবিবের নেতৃত্বেই ওই হামলার চেষ্টা চালানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা এই প্রতিবেদকের কাছে দাবি করেছেন, ঘটনাটি নিষিদ্ধ ছাত্রলীগের লোকজনই ঘটিয়েছে।

অন্যদিকে অভিযুক্ত হাবিবুর রহমান হাবিবের বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির পরিচয় শনাক্ত করা গেছে। তিনি শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, ‘হামলার খবর পেয়ে ওই রিসোর্টে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আমরা জেনেছি হামলার পর হাসিব ওই রিসোর্ট থেকে চলে গেছেন। আমরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। প্রাথমিক তদন্তে হামলাকারীর পরিচয় জানা গেছে। হামলাকারীকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি বিষয়টি নিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন।’

এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শ্রীমঙ্গলের বাসিন্দা প্রীতম দাস বলেন, ‘হামলায় আহত হওয়ার পর হাসিব ট্রেনে কুমিল্লায় যাচ্ছেন। সেখান থেকে তিনি শ্রীমঙ্গলে আবার আসবেন। তিনি এলে শ্রীমঙ্গল থানায় মামলা করাসহ পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে। আর সঙ্গে থাকা নারী হাসিবের স্ত্রী।’

বালিশিরা রিসোর্টটির ম্যানেজার ইয়াসির আরাফাত স্বপন বলেন, ‘তিন দিন আগে স্ত্রী পরিচয়ে এক তরুণীকে নিয়ে রিসোর্টে ওঠেন হাসিব। মঙ্গলবারই তাদের চেক আউটের কথা ছিল। এর মধ্যে হামলার ঘটনা ঘটেছে।’

এ বিষয়ে মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু বলেন, এ ঘটনায় এখনও থানায় কেউ মামলা দায়ের করেননি। তবে যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

গত মঙ্গলবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী কথিত ধর্মঘট ডাকা হয়েছিল। ওই দিন নাশকতা ঠেকাতে পুলিশ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত ছিলেন। পাহাড়ি এলাকা হওয়ায় সেই সুযোগ দুর্বৃত্তরা কাজে লাগিয়েছে বলে মনে করছেন অনেকে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *