✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম জাতীয় কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু বাকের মজুমদার। সাধারণ সম্পাদক হয়েছেন তাহমীদ আল মুদাসসীর চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় দিনব্যাপী এ প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলরদের ভোটে সংগঠনটির নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়।
সভাপতি পদে আবু বাকের মজুমদারের প্রতিদ্বন্দ্বী ছিলেন সদ্য বিদায়ী জ্যেষ্ঠ সহসভাপতি মাহফুজ খান। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহমীদ আল মুদাসসীর চৌধুরী, কেন্দ্রীয় সহসভাপতি লিমন হাছান ও দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান।
সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আবু তৌহিদ মো. সিয়াম, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনী এবং মো. জহিরুল ইসলাম। শ্যামলী সুলতানা জেদনী ছিলেন এ পদে একমাত্র নারী প্রার্থী। তিনি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের স্ত্রী।
এদিকে একই দিনে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কাউন্সিলও অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন হাসিব আল ইসলাম, সাধারণ সম্পাদক রাইয়ান ফেরদৌস এবং সাংগঠনিক সম্পাদক মো. জহির রায়হান রিপন।
আবু বাকের মজুমদার এর আগে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সংগঠনটি যাত্রা শুরু করেছিল ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ (বাগছাস) নামে। ২০২৫ সালের ২৩ অক্টোবর সংগঠনটির নাম পরিবর্তন করে ‘জাতীয় ছাত্রশক্তি’ করা হয়। সে সময় বাকেরকে সাধারণ সম্পাদক এবং জাহিদ আহসানকে সভাপতি করা হয়েছিল।
এরপর গত ২ সেপ্টেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে জাহিদ আহসান সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। পরে সিনিয়র সহসভাপতি আহসান লাবীবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। সভাপতি পদে পরিবর্তনের পরই জাতীয় ছাত্রশক্তির প্রথম জাতীয় কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়।
