সারাদেশে ৭৪ পরিবহন, পুলিশের ১৮ গাড়িতে অগ্নিসংযোগ

✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। পোশাকশ্রমিকদের বিক্ষোভ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন তৎপরতাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।

গত ১২ দিনে সারাদেশে ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে বৃহস্পতিবার এক দিনেই ১৭টি পরিবহনে আগুন দেওয়া হয়েছে। পুলিশ সদরদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, গত ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে সারাদেশে ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে ৭৪টি পরিবহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনায় ৩৮টি মামলা হয়েছে। পাশাপাশি এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সদরদপ্তর আরও জানিয়েছে, এ সময়ে পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া পুলিশের ১৮টি গাড়িতে অগ্নিসংযোগ, দুটি স্থাপনায় ককটেল বিস্ফোরণ এবং একটি গাড়ি ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে বৃহস্পতিবার বেলা ১২টা ১০ মিনিটের দিকে রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বেলা ১২টার পর ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে কেউ হতাহত হয়নি। বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মোটরসাইকেলে করে আসা এক ব্যক্তি আগারগাঁও মেট্রো স্টেশনের পাম্প রুম ও বি-গেটের মধ্যবর্তী সড়কে জর্দার কৌটায় তৈরি একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে বিস্ফোরিত জর্দার কৌটাটি উদ্ধার করা হয়।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *