✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নতুন জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬০০ জন পরীক্ষার্থী। এর মধ্যে প্রথম ফলাফলে ফেল করেছিল—এমন ২০ জন পরীক্ষার্থীও আছে। এ ছাড়া ফেল করা থেকে এবার পাস করেছে ৫ হাজার ৫৪৮ জন পরীক্ষার্থী।
সোমবার বিকেলে শিক্ষা বোর্ডগুলো পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশ করে।
এবারই প্রথম এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়নের ব্যবস্থা চালু করা হয়েছে। ফলে শুধু নম্বর গণনা বা যোগ-বিয়োগের ভুল সংশোধন নয়, উত্তরপত্রের মূল্যায়ন নিয়েও নতুন করে পর্যালোচনার সুযোগ পেয়েছে শিক্ষার্থীরা।
গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয় ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পায় ৪০ হাজার ৮৪ জন।
আন্তশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার নয়টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য জমা পড়ে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের তথ্য অনুযায়ী, এবার নতুন করে জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ৪৬৪ জন, কুমিল্লায় ১২০, রাজশাহীতে ৫৬, যশোরে ১৬২, চট্টগ্রামে ১০১, বরিশালে ২১, সিলেটে ৭৭, দিনাজপুরে ১৩৪ ও ময়মনসিংহ বোর্ডে ২৭৪ জন। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১৭১ জন ও কারিগরি শিক্ষা বোর্ডে ২০ জন পরীক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছে।
এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় গ্রেড পরিবর্তন হয়েছে ২৫ হাজার ৮১০ জন পরীক্ষার্থীর। আর নম্বর পরিবর্তন হয়েছে ২৩ হাজার ১৪৫ জনের।
বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়। দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আবেদন জমা পড়ে ১ লাখ ১৭ হাজার ৭০০টি।
এ ছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১টি, যশোর বোর্ডে ৯৭ হাজার ৬১৮, কুমিল্লা বোর্ডে ৯২ হাজার ৭৭৬, দিনাজপুর বোর্ডে ৮৯ হাজার ৪২০, ময়মনসিংহ বোর্ডে ৭১ হাজার ৭৬২, বরিশাল বোর্ডে ৫৩ হাজার ৪০৯, সিলেট বোর্ডে ৫১ হাজার ২৪৩, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৩০ ও কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে।
পুনঃপরীক্ষার ফল প্রকাশের আগে ভর্তি পরীক্ষায় বাধা নেই
এইচএসসি পরীক্ষার পুনঃপরীক্ষার ফল প্রকাশের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৬–২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ আর কার্যকর থাকছে না।
সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে এ নির্দেশ দেন।
এর আগে গত বুধবার (১৮ নভেম্বর) এক রিটের প্রাথমিক শুনানি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশিকা অনুযায়ী ২০২৬–২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
ওই রিটের প্রাথমিক শুনানিতে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছিলেন।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬–২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে গত ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে। আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার পাঁচটি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। ইউনিটগুলো হলো কলা, আইন ও সামাজিক বিজ্ঞান; বিজ্ঞান; ব্যবসায় শিক্ষা; চারুকলা এবং আইবিএ।
আইবিএ ইউনিট ছাড়া বাকি চারটি ইউনিটে আবেদন ফি ১৫০ টাকা করে বাড়ানো হয়েছে। বিজ্ঞান, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে আবেদন ফি ১ হাজার ২০০ টাকা। চারুকলা ইউনিটে ফি ১ হাজার ৪০০ টাকা এবং আইবিএ ইউনিটে আগের মতোই ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আবেদন ফি সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের মাধ্যমে অথবা অনলাইনে ডেবিট-ক্রেডিট কার্ড ও মোবাইল ফিন্যান্সিয়াল সেবায় জমা দেওয়া যাচ্ছে।
এ ছাড়া আবেদনের ন্যূনতম যোগ্যতা অপরিবর্তিত রেখে কয়েকটি বিভাগে ভর্তির শর্ত শিথিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আওতায় কিছু বিভাগে ভর্তি পরীক্ষায় নির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নম্বর এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় কয়েকটি বিষয়ে ন্যূনতম গ্রেডের শর্ত কমানো হয়েছে। গত ৯ নভেম্বর উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
