✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎
যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুরের লালমাটিয়ার একটি বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপকমিশনার(ডিসি) জিয়াউদ্দিন আহম্মেদ।
ডিসি বলেন, সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে, এ বিষয়ে তাৎক্ষণিক কোনো কিছু জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
আজিজুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে জয়লাভ করেন। তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে হারিয়েছিলেন। আজিজুল ইসলাম কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি।
চব্বিশের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারপতনের পর তিনি সংসদ সদস্য পদ হারান। সরকারপতনের পর তিনি আত্মগোপনে ছিলেন।
কেশবপুরের প্রয়াত সাবেক সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের স্নেহভাজন হিসেবে পরিচিত ছিলেন আজিজুল ইসলাম। তিনি একসময় বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেশবপুর উপজেলার যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরে তিনি জেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
