✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের প্রত্যর্পণ অনুরোধ এবং তাঁর দেশে ফেরার পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন বিষয় বলে মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (২৫ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, এখানে দুটি বিষয় রয়েছে। একটি হলো শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ, যা দেশের (ভারতের) প্রতিষ্ঠিত আইনি প্রক্রিয়ার আওতায় বর্তমানে পর্যালোচনা ও বিবেচনা করে দেখা হচ্ছে। অন্য বিষয়টি হলো—একজন নাগরিক যদি প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেন্ট (ভ্রমণসংক্রান্ত নথি) সঙ্গে নিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে চান, তবে সেটি সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়।
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য বিমান পাঠানো কিংবা তাঁকে হাতকড়া পরা অবস্থায় নেওয়া হবে—সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে চলা এ ধরনের বক্তব্যের বিষয়েও রণধীর জয়সওয়ালের দৃষ্টি আকর্ষণ করা হয়। এ বিষয়ে জয়সওয়াল বলেন, এটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং সে দেশের বর্তমান সরকারের মধ্যকার অভ্যন্তরীণ বিষয়। এ ব্যাপারে ভারতের পক্ষ থেকে কোনো মন্তব্য বা কিছু করার নেই।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। পরবর্তী সময়ে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাঁকে মৃত্যুদণ্ড দেন। দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক আবেদনও জানায় বাংলাদেশ সরকার। তবে ভারত এ ব্যাপারে বরাবরই বলে এসেছে, তাঁর (শেখ হাসিনার) প্রত্যর্পণের অনুরোধ আইনি বিষয়। এটি আইনিভাবেই সমাধান করা হবে।
ইন্দোনেশিয়ার নৌবাহিনী বিস্ফোরক ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামসহ বাংলাদেশগামী একটি জাহাজ আটক করার যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সে বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত রয়েছে বলেও জানান জয়সওয়াল। তিনি উল্লেখ করেন, প্রতিবেশী অঞ্চলে যেকোনো পরিস্থিতির ওপর ভারত সার্বক্ষণিক নজর রাখে এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেয়।
সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ
সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন করা হয়। বিশেষ করে নড়াইল ও পাবনাসহ বিভিন্ন এলাকায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা এবং এ বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রসঙ্গ তোলেন সাংবাদিকরা।
জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা নিয়ে আমরা স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন। আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই, তারা যেন এসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে এবং অপরাধীদের বিচারের আওতায় আনে।’
গঙ্গার পানি চুক্তি ও অস্ত্রবাহী জাহাজ প্রসঙ্গ
গঙ্গার পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ এবং যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গাসহ অভিন্ন সব নদীর বিষয়ে আলোচনার জন্য যৌথ নদী কমিশনের মতো প্রতিষ্ঠিত কাঠামো রয়েছে। এসব বিষয় ওই কাঠামোর মাধ্যমেই আলোচনা করা হচ্ছে।
এ ছাড়া মোংলা বন্দর অভিমুখী একটি জাহাজ বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্রশস্ত্রসহ ইন্দোনেশিয়ায় আটক হওয়ার বিষয়ে ভারতের কাছে কোনো তথ্য রয়েছে কি না, জানতে চান সাংবাদিকরা।
জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘এ-সংক্রান্ত কিছু প্রতিবেদন আমাদের নজরে এসেছে। আমাদের নিরাপত্তা স্বার্থের ওপর প্রভাব ফেলতে পারে, এমন প্রতিটি পরিস্থিতির ওপর আমরা নিবিড় নজর রাখছি এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নিচ্ছি।’
