হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত

✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত নিতে বাংলাদেশকে সামরিক বিমান পাঠাতে হবে। পাশাপাশি দেশে তার ন্যায়বিচার নিশ্চিত করতে হবে বলে ভারতের সামরিক ও বেসামরিক সূত্রের বরাতে সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ব্যাকচ্যানেলে এসব শর্ত দিয়েছে ভারত। এমনকি তাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর উদ্যোগও ব্যর্থ হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হয় মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে। তবে প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে কিছু বলার নেই।’

এর আগে বাংলাদেশের সঙ্গে অনুষ্ঠেয় কনস্যুলার সংলাপ স্থগিত হওয়া নিয়ে করা এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত। এ লক্ষ্যেই বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে এবং নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।’

তিনি আরও বলেন, ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপের পরবর্তী পর্ব উভয় পক্ষের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। সেখানে সংশোধিত ভ্রমণব্যবস্থাসংক্রান্ত বিষয়েও আলোচনা হবে।

বিদ্যমান কাঠামোর আওতায় বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত রয়েছে বলেও জানান রণধীর জয়সওয়াল।

কিন্তু প্রত্যর্পণের দাবি জানালেও ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেছেন, তাদের ধারণা, মুখে যতই বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাক, আসলে ঢাকা মোটেই চায় না সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরুক।

ভারতীয় কর্মকর্তাদের বরাতে বিবিসি লিখেছে, “জ্বালানি খাতের সংকট থেকে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ— বাংলাদেশ সরকার এমনিতেই নানা সমস্যায় জর্জরিত। এই পরিস্থিতিতে শেখ হাসিনা ফিরলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে বলে তাদের আশঙ্কা, এমনটাই আমাদের মনে হচ্ছে।”

গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে তাকে এ দণ্ড দেওয়া হয়। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

এর মধ্যে গত জুলাই মাসে তিনি রয়টার্সকে বলেন, আদালতে আত্মসমর্পণ করতে চলতি বছরের ডিসেম্বরে তিনি দেশে ফেরার পরিকল্পনা করেছেন।

ওই পরিকল্পনা তুলে ধরার চার মাস পর সেই রয়টার্সেরই আরেক খবরে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন জানানোর কথা সামনে আসে।

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত বহুবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে এবং প্রতিবারই তারা আইনি সুরাহার কথা বলেছে।

শেখ হাসনিার পাসপোর্ট ও এনআইডি আবেদন সামনে আসার পর গত সোমবারও এ নিয়ে প্রশ্নের মুখে পড়েন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

সেদিনও তার জবাব ছিল, “শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচার বিভাগের বিষয়। আইন অনুযায়ী এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

কিন্তু বিবিসি বাংলা তাদের প্রতিবেদনে প্রশ্ন তুলেছে, “শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার নেপথ্যে দিল্লির কোনো ভূমিকা আছে কিনা? এই ‘প্রত্যাবর্তনে’র পথ প্রশস্ত করতে ভারত কি পর্দার আড়ালে কোনো তৎপরতা দেখাচ্ছে?

“সহজ উত্তর হলো, ভারতের প্রচ্ছন্ন সম্মতি বা অনুমোদন ছাড়া শেখ হাসিনা নিজে থেকে এই ঘোষণা করেননি। অন্যভাবে বললে, শেখ হাসিনা ও দিল্লি—দুপক্ষই এ ব্যাপারে একমত হয়েছে বলেই এই ঘোষণা এসেছে।”

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *