মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। আগামী ৭-৮ ডিসেম্বর তার ঢাকা সফর করার কথা ছিল।

শনিবার (২৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অনিবার্য কারণবশত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিত হয়েছে। মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে বাংলাদেশ ছাড়াও আনোয়ার ইব্রাহিমের থাইল্যান্ড সফরও স্থগিত হয়েছে।

চলতি বছরের জুনে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফিরতি সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আগামী ৭-৮ ডিসেম্বরের ঢাকা সফরকে সামনে রেখে ঢাকা-কুয়ালালামপুরের মধ্যে প্রস্তুতি চলছিল। ৮ ডিসেম্বর ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা ছিল আনোয়ার ইব্রাহিমের। ঢাকা থেকে তার ব্যাংকক সফরে যাওয়ার কথা ছিল।

গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফরের তারিখ নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে আনোয়ার ইব্রাহিমকে ৭-৮ ডিসেম্বর বাংলাদেশ সফরকালীন সময়ে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছিল।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অভিবাসী শ্রমিক নিয়োগ ও কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনার কথা ছিল। আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তারেক রহমান জুনে মালয়েশিয়া সফর করেন, যা ছিল দায়িত্ব গ্রহণের পর তাঁর প্রথম সরকারি বিদেশ সফর।

উল্লেখ্য, সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের অক্টোবরে ঢাকা সফর করেছিলেন আনোয়ার ইব্রাহিম।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *