পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ করে আ.লীগের তাণ্ডব

✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎

শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে তাণ্ডব চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ককটেল বিস্ফোরণ ও কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকায় সেতুর দুই পাশে যানবাহন আটকা পড়ে।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার, জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসীন মাতবর, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান ও সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদারের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। তাদের অংশগ্রহণের বিষয়টি পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম নিশ্চিত করেছেন। 

গত সোমবার রাত ১টার দিকে শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছেলে দানিব বিন ইকবালের ফেসবুক আইডিসহ বিভিন্ন আইডি থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে অবরোধের দৃশ্য ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শতাধিক নেতাকর্মী বৈঠা হাতে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এ বিষয়ে শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, গত রাতের ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। ধারণা করছি, প্রায় শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। তাদের কর্মসূচিকে ঘিরে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তবে গতকালের ঘটনায় কতটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

প্রায় এক ঘণ্টা ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকায় সেতুর ওপরসহ আশপাশের এলাকায় কয়েক শ যানবাহন আটকা পড়ে।

পরে পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নেতা–কর্মীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে ৭০০ থেকে ৮০০ জন নাওডোবা এলাকায় জড়ো হন। তাঁদের মধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা–কর্মী ও সমর্থকেরা ছিলেন। একপর্যায়ে তাঁরা লগি–বইঠা হাতে টোল প্লাজার সামনে এক্সপ্রেসওয়েতে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সড়কে দাঁড়িয়ে থাকা দুটি ট্রাকও ভাঙচুর করা হয় বলে পুলিশ জানিয়েছে।

বিক্ষোভের কারণে দক্ষিণ–পশ্চিমাঞ্চল থেকে ঢাকামুখী এবং ঢাকা থেকে দক্ষিণ–পশ্চিমাঞ্চলগামী যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পদ্মা সেতু দক্ষিণ থানা, শিবচর হাইওয়ে থানা ও জেলা পুলিশের সদস্যরা নেতা–কর্মীদের সরিয়ে দেন।

ঘটনাস্থলের কাছেই পদ্মা সেতু দক্ষিণ থানা, সেনানিবাস, সেতুর সার্ভিস এলাকা ও টোল প্লাজা। এমন গুরুত্বপূর্ণ এলাকায় গভীর রাতে অবরোধ ও ককটেল বিস্ফোরণে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হাসান বলেন, অতিরিক্ত পুলিশ, পদ্মা সেতু দক্ষিণ থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের নেতা–কর্মীদের সরিয়ে দেন।

ফেসবুকে আজ ১০ নভেম্বর দেশব্যাপী অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিল নিষিদ্ধ ছাত্রলীগ। এ কর্মসূচিকে কেন্দ্র করে আগের দিন থেকেই শরীয়তপুরের বিভিন্ন এলাকায় নেতা–কর্মীদের জড়ো হওয়ার তথ্য ছড়িয়ে পড়ে। পুলিশ গতকাল সন্ধ্যায় নাওডোবা এলাকায় অভিযান চালায়। একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করা হয়। পরে সেখানে শরীয়তপুর জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *