✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পেয়েছেন ডিআইজি আলি আকবর খান। পুলিশ সদর দপ্তর থেকে সোমবার জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
আলি আকবর খান ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুরে জন্মগ্রহণ করা আলি আকবর খান তার দীর্ঘ কর্মজীবনে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।
কর্মজীবনে তিনি রেঞ্জ পুলিশ, পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে দক্ষতা, নিষ্ঠা ও সততার পরিচয় দিয়েছেন। পেশাগত দায়িত্ব পালনে তার অবদানের জন্য সহকর্মী ও সংশ্লিষ্ট মহলে তিনি প্রশংসিত হয়েছেন।
পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশ নিয়েছেন আলি আকবর খান। এর মধ্যে ইতালিতে অনুষ্ঠিত মানব পাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধবিষয়ক কর্মশালা এবং মালদ্বীপে অনুষ্ঠিত মানব পাচার ও অভিবাসী চোরাচালানসংক্রান্ত তথ্য সংগ্রহবিষয়ক আঞ্চলিক কর্মশালা উল্লেখযোগ্য।
সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সংস্থার সদস্যরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে সিআইডির চলমান কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক হবে।
এর আগে ১৭ মে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন আহমদকে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেয় সরকার। এরপর থেকে সিআইডি প্রধানের পদটি ফাঁকা ছিল।
