৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা

✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎

২০২৭ সালের অমর একুশে বইমেলা আগামী ৭ জানুয়ারি শুরু হয়ে চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমিতে আয়োজিত এক সভায় প্রকাশক ও প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে বইমেলার এ তারিখ নির্ধারণ করা হয়।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ১৩ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৭ আয়োজন নিয়ে প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

সভায় আরও উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ও মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। সভায় উপস্থিত প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে বইমেলার তারিখ চূড়ান্ত করা হয়।

চলতি বছর অমর একুশে বইমেলা শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ১ ফেব্রুয়ারির পরিবর্তে মেলা পেছানো হয়েছিল।

মেলা শুরুর সময় এগিয়ে নিয়ে আসার কারণ জানতে চাইলে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, “এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। বিজ্ঞপ্তিতে পরিষ্কার করে লেখা আছে, প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এই তারিখ চূড়ান্ত করা হয়েছে। সেই অনুযায়ী আমরা মেলার প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের কথা বলেছি।”

রোজার কারণে বইমেলা এগিয়ে আনার সিদ্ধান্ত হওয়ার কথা তুলে ধরে অনন্যা প্রকাশনীর প্রকাশক মনিরুল হক বলেন, “বাংলা একাডেমির ওই মতবিনিময় সভায় আমি নিজে উপস্থিত ছিলাম। প্রকাশকরা একজোট হয়ে দাবি করেছিলাম যেন বইমেলা এগিয়ে আনা হয়। কারণ হিসেবে আমরা বলেছি যে সামনে রোজা রয়েছে–ফেব্রুয়ারির আনুমানিক ৯ তারিখ থেকে রোজা শুরু হতে পারে। রোজার মধ্যে সাধারণত মেলায় দর্শনার্থী ও পাঠকের সমাগম হয় না।

তিনি বলেন, সভায় বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির প্রতিনিধি হিসেবে প্রায় ২০ জন প্রকাশক উপস্থিত ছিলেন। এ সিদ্ধান্তের বিষয়ে কারও কোনো দ্বিমত ছিল না, সবাই একমত ছিলেন।

তবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চত্বরে বিভিন্ন কার্যক্রম থাকবে- এমন ঘোষণা আসবে বলে তুলে ধরেন তিনি।

মেলা চত্বরের অনুষ্ঠানগুলো কীভাবে পরিচালিত হবে, সে বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে একাডেমি ঘোষণা দেবে বলে জানান তিনি।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *