রাজধানীতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও নাসীরুদ্দীন

✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎ 

রাজধানীর দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে চূড়ান্ত প্রার্থী করা হয়েছে।

রোববার এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানানো হয়।

পোস্টে বলা হয়, ঢাকা উত্তর সিটিতে এনসিপি-সমর্থিত মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও দক্ষিণ সিটিতে মেয়র প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

এদিকে ঢাকার দুই মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সার্বিক দিকনির্দেশনা দেন নাহিদ ইসলাম।

সভায় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিতকরণ এবং জুলাই শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সম্পৃক্ততা বজায় রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার বিষয়ে কড়া নজরদারি রাখার জন্যও নেতাকর্মীদের নির্দেশ দেন নাহিদ ইসলাম।

সভায় এনসিপির ঢাকা দক্ষিণ মহানগরের আহ্বায়ক ইসহাক সরকার, ঢাকা উত্তর মহানগরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ বিভিন্ন পর্যায়ের নেতা উপস্থিত ছিলেন।

এর আগে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভোটার এলাকা পরিবর্তন করেন। সোমবার (৭ সেপ্টেম্বর) তার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে জানানো হয়, এর আগে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। সম্প্রতি তার ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন আফতাবনগর এলাকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও জানানো হয়, ভোটার এলাকা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে আবেদন করেছিলেন আসিফ মাহমুদ। আবেদনের পর প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথিপত্র পরীক্ষা শেষে নির্বাচন কমিশন তার আবেদন অনুমোদন করে। এর ফলে আসিফ মাহমুদের ভোটার নিবন্ধন এখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত হয়েছে বলে পোস্টে উল্লেখ করা হয়।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *