✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎
সারাদেশের অন্তত ২১ জেলায় নাশকতা করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠন। এর মধ্যে সোমবার গভীর রাতে ফরিদপুরে একটি বাসে আওয়ামী সন্ত্রাসীদের দেওয়া আগুনের পর ধোঁয়ায় অসুস্থ হয়ে চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ১৯টি বাসে আগুন ও অন্তত ৩০টি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এসব ঘটনায় একজন নিহতসহ প্রায় ২০ জন আহতের খবর পাওয়া গেছে। এতে জনমনে ছড়িয়েছে আতঙ্ক।
আলোচ্য সময়ে ঢাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে ১৭টি, ঢাকার বাইরে ১৩টি।
রাজধানীর শ্যামলীতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ‘ঠিকানা’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কেউ হতাহত হয়নি। এদিকে উত্তর শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসের পাশের ঝিলপাড় এলাকা থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।
শেরেবাংলা থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান বলেন, মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে বাসটি আসাদ গেটের দিকে যাচ্ছিল। মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে আসামাত্রই কে বা কারা বাসটিতে আগুন দেয়। বাসে যাত্রী ছিল না। চালক ও তাঁর একজন সহকারী ছিলেন। তবে কেউ হতাহত হননি।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ফায়ার সার্ভিসের সহায়তায় বাসের আগুন নেভানোর চেষ্টা চলছে। এখনো পুরোপুরি নেভেনি। কে বা কারা আগুন দিয়েছে, খোঁজার চেষ্টা করছেন তাঁরা।
পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র বলছে, আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকা ও ঢাকার বাইরে ১১ জেলায় ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে।
শাহজাহানপুরে বিএনপি অফিসের পাশ থেকে ককটেল উদ্ধার
এদিকে বেলা ১টা ১০ মিনিটে রাজধানীর উত্তর শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসের পাশের ঝিলপাড় এলাকা থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)। পরিত্যক্ত একটি বস্তার ভেতর থেকে এসব ককটেল পাওয়া যায়।
এসআরবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক পথচারী বস্তার মধ্যে বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে এসআরবি-৩-কে খবর দেন। এরপর তারা গিয়ে ককটেলগুলো উদ্ধার করে। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের তত্ত্বাবধানে এগুলো ধ্বংস করা হয়। এ ঘটনায় রাজধানীর শাহজাহানপুর থানায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, ককটেলগুলো সেখানে কারা এবং কী উদ্দেশ্যে রেখেছিল, তা শনাক্ত করতে গোয়েন্দা অনুসন্ধান ও তদন্ত চলছে। এ ছাড়া আশপাশে কোনো পরিত্যক্ত বা সন্দেহজনক ব্যাগ, বস্তা, কার্টন কিংবা টিন দেখতে পেলে তাতে স্পর্শ না করে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপি সূত্র বলছে, গতকাল সোমবার বিকেল থেকে আজ সকাল পর্যন্ত ঢাকার ১৯টি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় অন্তত ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকার বাইরে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, শরীয়তপুর, কক্সবাজার ও রংপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
দেশের বিভিন্ন এলাকায় গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত গাড়ি–ট্রেনে আগুন, ভাঙচুর ও ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এর পাশাপাশি অনেক এলাকায় সড়ক অবরোধ করা হয়েছে। ককটেল ও পেট্রলবোমা হামলা হয়েছে সরকারি–বেসরকারি বিভিন্ন স্থাপনায়। পুলিশ বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ এসব নাশকতার সঙ্গে জড়িত।
নাশকতার বিভিন্ন ঘটনার ভিডিও ফেসবুকে প্রচার করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের অনেক নেতা–কর্মী।
এর মধ্যে সোমবার গভীর রাতে ফরিদপুরে একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনের পর ধোঁয়ায় অসুস্থ হয়ে চালকের মৃত্যু হয়েছে। নেত্রকোনার মোহনগঞ্জে আগুন দেওয়া হয়েছে হাওর এক্সপ্রেস ট্রেনের একটি কোচে। আর মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি কয়েকটি দোকান ভাঙচুর করা হয়।
২১টি জেলায় নাশকতা–সহিংসতা–অবরোধ
সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত অন্তত ২১টি জেলায় নাশকতা–সহিংসতা–অবরোধের খবর পাওয়া গেছে। ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি অন্য জেলাগুলো হলো ফরিদপুর, বরগুনা, মানিকগঞ্জ, নওগাঁ, কিশোরগঞ্জ, নাটোর, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজশাহী, কুড়িগ্রাম, রাঙামাটি, কক্সবাজার, ফেনী, নেত্রকোনা, খাগড়াছড়ি, খুলনা, নোয়াখালী ও লালমনিরহাট।
পুলিশ বলছে, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশে নাশকতা করছেন তাঁর দলের নেতা–কর্মীরা। পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হিসাব বলছে, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ঢাকাসহ সারা দেশের ১১ জেলায় ২২টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ঢাকা ও দেশের ছয় জেলায় অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা। পরে তাঁদের সঙ্গে যোগ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতা–কর্মীরা। তাঁরা মিছিল নিয়ে চৌরঙ্গী থেকে পাটগাতী বাসস্ট্যান্ড হয়ে পাটগাতী বাজারে যান। সেখানে যুবদলের কার্যালয়ের বাইরে থাকা কয়েকটি ব্যানার ও ফেস্টুন ভাঙচুর করেন। এরপর মিছিল নিয়ে আবার পাটগাতী বাসস্ট্যান্ডে ফেরার পর পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন।
অন্যদিকে কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। পাশাপাশি গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট সেতুর পশ্চিম পাশে, সোনাকুড় ও এলজিইডি মোড় এলাকায় সড়ক অবরোধ করা হয়। এর আগে সোমবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ ও মশালমিছিল হয়।
বাসচালকের মৃত্যু
ফরিদপুর শহরে বাসে আগুন দেওয়ার ঘটনায় এক বাসচালকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লার ঢাকা–বরিশাল মহাসড়কের পাশে অবস্থিত নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া চালকের নাম মো. কালাচান। তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিকনগর গ্রামের বাসিন্দা ছিলেন।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শ্রীবাস বাড়ৈ বলেন, সোমবার রাত ১টা ৫৫ মিনিটে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হন।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বলেন, একটি মোটরসাইকেলে করে তিনজন আরোহী এসে তাঁদের একজন পেট্রল ঢেলে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটান। তখন ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচান বাস থেকে দ্রুত বের হয়ে আসেন। তবে তিনি ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত উদ্ধার দ্রুত ফরিদপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের পাহাড়তলী সাগরিকা ও কালুরঘাট এলাকায় সোমবার দিবাগত রাত ও গতকাল ভোরে দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পাহাড়তলী থানার ওসি নুরুল আবছার।
বরগুনা
বরগুনার বেতাগীতে পৌরসভার একটি ট্রাকে আগুন দেওয়া হয়েছে। মানিকগঞ্জে বাসস্ট্যান্ড এলাকায় থেমে থাকা যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মিয়ারাজ উদ্দিন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
নওগাঁ
নওগাঁ শহরের বাইপাস এলাকার গাবতলী মোড়ে দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বাস আগুনে পুড়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের বাজিতপুরে সোমবার গভীর রাতে একটি কলেজ বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বাজিতপুর উপজেলার পিরিজপুর বাসস্ট্যান্ড এলাকায় বাসটি দাঁড়িয়ে ছিল। আগুনে বাসটির বেশির ভাগ অংশ পুড়ে গেছে।
নাটোর
নাটোর শহরের টেক্সটাইল মোড়ে সোমবার রাতে ভাোরি পণ্যবাহী একটি ট্রাকে আগুন লাগে। নাটোর সদর থানার ওসি মনসুর রহমান বলেন, আগুনে ট্রাকের কিছু পণ্য পুড়ে গেছে। ভুলক্রমে বিড়ি বা সিগারেটের আগুন ফেলে রাখায় প্লাস্টিক পণ্যে আগুন লাগে বলে দাবি তাঁর।
ধামরাই
ঢাকার সাভার ও পার্শ্ববর্তী ধামরাই উপজেলার পৃথক দুটি স্থানে সোমবার দিবাগত রাতে দুটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, সাভারের উলাইলের ময়লার মোড় এলাকায় সাভার পরিবহনের একটি বাসে আগুন দেখতে পান কয়েকজন ব্যক্তি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। রাত একটার দিকে ধামরাই উপজেলা ভূমি অফিসের সামনে শ্রমিক পরিবহনের কাজে ব্যবহৃত একটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে।
ফরিদপুর
ফরিদপুরের নগরকান্দায় ঢাকা–বরিশাল মহাসড়কে মিছিল করেছেন ছাত্রলীগের নেতা–কর্মীরা। মঙ্গলবার সকাল আটটার দিকে উপজেলার তালমা থেকে ভাঙ্গার পুখুড়িয়ার মধ্যে এ মিছিল করা হয়। তবে নগরকান্দা থানার ওসি গোলাম রসুল সামদানি আজাদ বলেন, ‘ভিডিওটি দেখেছি। অন্য কোথাও মিছিল করে এখানে মিছিল করার দাবি করা হতে পারে।’
রাজশাহী
রাজশাহীর অভয়ের মোড় এলাকায় সোমবার গভীর রাতে রাজশাহী–চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করেন ছাত্রলীগের নেতা–কর্মীরা। সোমবার দিবাগত মধ্যরাতে মহাসড়কে টায়ারে আগুন ধরিয়ে কিছুক্ষণের জন্য অবরোধ করেন।
মাদারীপুর
এর আগে সোমবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার কলাবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
নেত্রকোনায় ট্রেনে আগুন
নেত্রকোনার মোহনগঞ্জ রেলস্টেশনে পৌঁছানোর পর আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি কোচে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কোচটির চারটি আসন পুড়ে গেছে।
মোহনগঞ্জ রেলস্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলভার ভোর সাড়ে চারটার দিকে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। যাত্রীরা নেমে যাওয়ার পর ট্রেনের ‘ঢ’ নম্বর বগিতে ধোঁয়া দেখতে পান রেলের কর্মীরা।
মোহনগঞ্জ রেলস্টেশনের স্টেশনমাস্টার জহিরুল ইসলাম বলেন, আগুনে কোচের চারটি আসন পুড়ে গেছে। স্টেশনে থাকা লোকজন ও পাশের মসজিদের মুসল্লিরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
জহিরুল ইসলাম আরও জানান, এর আগে ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথের নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা এলাকায় রাত সোয়া একটার দিকে রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার
রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দর থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধারের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার বেলা ১১টার দিকে বিমানবন্দরের প্রধান ফটকের সামনে থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়।
রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরের সামনে থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকেছবি: প্রথম আলো
একই সময় একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। পরে নিরাপত্তার স্বার্থে মন্ত্রীকে পেছনের ফটক দিয়ে বাইরে নিয়ে যাওয়া হয়। রাজশাহী নগরের বিমানবন্দর থানার ওসি রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, গ্রেনেডসদৃশ বস্তু দুটি পরীক্ষা-নিরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
দেশের বিভিন্ন এলাকায় সোমবার রাত থেকে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গ্রামীণ ব্যাংকের বারখাইন শাখায় সোমবার রাতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শাখার ব্যবস্থাপক আনিক বিন রশীদ বলেন, ব্যাংকের নিচতলায় আগুন দেখে কর্মীরা তা নিভিয়ে ফেলেন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী টুঙ্গিপাড়া শাখায় মঙ্গলবার দুপুরে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। এতে কার্যালয়ের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি না হলেও দরজার কিছু অংশ পুড়ে গেছে। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মী মো. সুজন মোল্লা মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটিয়ে নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
নেত্রকোনা সদর উপজেলার দুগিয়া বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের আমতলা শাখায় গতকাল ভোরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে নৈশপ্রহরীর তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষতি হয়নি।
বিএনপির স্থানীয় কার্যালয়ে আগুন
এদিকে তিনটি জেলায় বিএনপির স্থানীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। রাজশাহীর তানোর, খাগড়াছড়ির গুইমারা ও খুলনার বটিয়াঘাটা উপজেলায় একটি করে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটেছে।
বটিয়াঘাটা থানার ওসি এস এম মিজানুর রহমান বলেন, দুই যুবক ব্যানারে আগুন দিয়ে চলে গেছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
ডিএমপি সূত্র বলছে, সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ঢাকার ১৯টি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় অন্তত ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
