এক মাসের প্যারোলে মুক্তি পেলেন বাদল ফরাজী

✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎

নামের ভুলে ভারতে একটি হত্যা মামলায় আসামি হিসেবে দীর্ঘ ১৮ বছর কারাবাসের পর অবশেষে এক মাসের প্যারোলে মুক্তি পেয়েছেন বাগেরহাটের সেই বাদল ফরাজী। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাকে চার সপ্তাহের প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। পরে পুলিশ তাকে বাগেরহাটের মংলা এলাকায় পরিবারের কাছে বুঝিয়ে দেবে বলে জানিয়ে কারা কর্তৃপক্ষ। 

নামের মিলের কারণে ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় ভুল ব্যক্তিকে শনাক্ত করে দণ্ডিত করার অভিযোগ নিয়ে প্রায় ১৮ বছর ধরে কারাগারে ছিলেন বাদল ফরাজী। জীবনের গুরুত্বপূর্ণ সময় কেটেছে ভারতের তিহার কারাগার ও বাংলাদেশের বিভিন্ন কারাগারে। দীর্ঘ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া, মানবাধিকারকর্মী, আইনজীবী ও সাংবাদিকদের প্রচেষ্টা এবং সর্বশেষ মানবিক বিবেচনায় প্যারোলে মুক্তির সিদ্ধান্তে অবশেষে পরিবারের কাছে ফেরার সুযোগ হয়েছে তার।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে বাদল ফরাজীকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। তাকে পুলিশের মাধ্যমে বাগেরহাটে পাঠানো হয়েছে। সেখানে বাগেরহাট জেলা পুলিশ প্যারোলের শর্ত অনুযায়ী তাকে পরিবারের কাছে হস্তান্তর করবে।

তিনি বলেন, গতকাল কারাগারে তার কাগজপত্র আসে। সব যাচাই বাছাই শেষে সকালে তাকে মুক্তি দেওয়া হয়। পরে তাকে তার পরিবারের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০০৮ সালে পর্যটক ভিসায় ভারতের আগ্রায় তাজমহল দেখতে যান বাগেরহাটের মোংলা উপজেলার বাসিন্দা বাদল ফরাজী। সেখান থেকে দেশে ফেরার পথে ভারতের সীমান্ত এলাকায় তাকে গ্রেফতার করা হয়। পরে দিল্লির লাজপত নগরে ৭১ বছর বয়সী নির্মলা মাদান হত্যা মামলায় ‘বাদল সিং’ নামে এক ব্যক্তির সঙ্গে নামের মিল থাকায় তাকে ওই মামলার আসামি হিসেবে শনাক্ত করা হয়।

বাদল ফরাজীর দাবি ছিল, তিনি ওই হত্যাকাণ্ডের সঙ্গে কোনোভাবেই জড়িত নন। তিনি সেই ব্যক্তি নন, যার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। কিন্তু তার দাবি সত্ত্বেও দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় তাকে। পরবর্তী সময়ে ২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত তাকে ওই হত্যা মামলায় দোষী সাব্যস্ত করেন। পরের মাসে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তী সময়ে দিল্লি হাইকোর্টও তার সাজা বহাল রাখেন। এভাবে নিজের পরিচয় ও নির্দোষিতার দাবি জানিয়ে আইনি লড়াই চালিয়ে গেলেও দীর্ঘ সময় কারাগারেই কাটাতে হয় তাকে।

ভারতের কুখ্যাত তিহার কারাগারে প্রায় ১০ বছর বন্দিজীবন কাটান বাদল ফরাজী। তবে কারাগারের চার দেয়ালের মধ্যে থেকেও পড়াশোনা চালিয়ে যান তিনি। সেখানে বন্দী অবস্থায় মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষ করেন। জীবনের কঠিন সময়েও শিক্ষার প্রতি তার আগ্রহ ও অধ্যবসায় ছিল উল্লেখযোগ্য।

পরবর্তী সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দী স্থানান্তর চুক্তির আওতায় ২০১৮ সালের ৬ জুলাই তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফেরার পর প্রথমে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। পরে স্থানান্তর করা হয় গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে।

সর্বশেষ গত ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে তাকে চার সপ্তাহের প্যারোলে মুক্তি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গাজীপুরের জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। সব প্রক্রিয়া শেষে মঙ্গলবার সকালে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বাদল ফরাজী।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *