রাজধানীর বারিধারায় বাসে আগুন

✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎

রাজধানীর বাড্ডার বারিধারা এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দিয়ে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে বারিধারার ৭ নম্বর রোডের জে ব্লক এলাকায় কোকাকোলা গেটের বিপরীত পাশে বাসটি ঘোরানোর সময় এ ঘটনা ঘটে। । তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ অগ্নিকাণ্ডের খবর পান। পরে দ্রুত ঘটনাস্থলে ইউনিট পাঠানো হয়।ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করেন।

ভাটারা থানা পুলিশ সূত্র জানায়, বৈশাখী পরিবহনের বাসটি সাভার–নতুন বাজার রুটে চলাচল করে। সন্ধ্যার দিকে বাসটি বারিধারা এলাকায় যাত্রী নামানোর কিছু সময় পরে হঠাৎ দুই–তিনজন দুর্বৃত্ত আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুন ছড়িয়ে পড়ার আগেই যাত্রীরা নিরাপদে বের হন। ফলে কেউ হতাহত হননি।

পুলিশ সূত্র আরও জানায়, ঘটনার কাছাকাছি সিসিটিভি (ক্লোজড সার্কিট) ক্যামেরার স্পষ্ট ফুটেজ পাওয়া যায়নি। আশপাশের এলাকার ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস আগুন নেভানোর পর পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাসটি সরিয়ে নিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসের চালক ও সহকারীকে থানায় নেওয়া হয়েছে। বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান সংবাদমাধ্যমকে জানান, বাসটি ঘোরানোর সময় কয়েকজন এসে আগুন লাগিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

এসআই আরও জানান, কারা আগুন দিয়েছে, তা এখনও জানা যায়নি। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ ছিল। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *