ঘাতপ্রতিঘাতের মধ্যে বেড়ে ওঠা প্রধানমন্ত্রীর জন্মদিন

✍︎ এলাহী নেওয়াজ খান ✍︎

১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের কথা হয়তো অনেকের মনে আছে। সেই যুদ্ধ শুরু হয়েছিল ওই বছর ৬ সেপ্টেম্বর। তখন তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ১ম ইস্টবেঙ্গল রেজিমেন্টের একটি কোম্পানি কমান্ডার হিসাবে মেজর জিয়াউর রহমান পশ্চিম পাকিস্তানের খেমকারণ সেক্টরে যুদ্ধ করেছিলেন। বীরত্বের সঙ্গে যুদ্ধ শেষ করে সব গৃহে ফিরেছেন, তারই দুমাস পরে ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন বাংলাদেশের আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান। যুদ্ধ, সংঘাত, সংগ্রাম ও নির্বাসিত জীবনের কঠিন কাল অতিক্রম করে তিনি এখন ৬২ বছর পূর্ণ করেছেন। অর্থাৎ ১৯৬৫ সালের পাক – ভারত যুদ্ধের পর পর তাঁর জন্ম হয়। আবার মাত্র ছয় বছর বয়সে ১৯৭১ সালের মার্চ মাসে তিনি আরেকটি যুদ্ধের সূচনা প্রত্যক্ষ করেন। সেটা ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, আর যে স্বাধীনতা যুদ্ধের ঘোষক ছিলেন তাঁর পিতা মেজর জিয়াউর রহমান। বিস্ময়কর দিক হচ্ছে, সবে একটা যুদ্ধ শেষ করে তিনি কয়েক বছরের মধ্যে স্বাধীনতার ঘোষণা দিয়ে আরেকটি যুদ্ধে ঝাপিয়ে পড়ে যে বীরত্ব দেখিয়েছেন, তা আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় । আর তিনি লড়াই করে করে প্রমাণ করে গেছেন যে, যোদ্ধা ছাড়া জাতীয়তাবাদী হওয়া যায় না।

তারেক রহমান সেই মহান জাতীয়তাবাদী নেতার সন্তান, যিনি নিজেও মায়ের সঙ্গে ছোট ভাই কোকোকে নিয়ে জীবনের বিভিন্ন অধ্যায়ে কম লড়াই করেননি। একাত্তরের সেই কঠিন স্বাধীনতা যুদ্ধকালে ছোট ভাই কোকোকে নিয়ে মা খালেদা জিয়ার সঙ্গে সেই দুর্বিষহ অন্তরীণ জীবনের কাহিনী কতটুকুই বা এদেশের মানুষ জানে। এত শিশু অবস্থায় শত্রু সেনাবাহিনীর হাতে বন্দি হয়ে অন্তুরীন থাকার ঘটনা খুব কম মানুষের জীবনে ঘটেছে। অর্থাৎ শিশুকালে স্বাধীনতা যুদ্ধের সময় মায়ের সঙ্গে অন্তরীন থাকা এবং যৌবনে স্ত্রী ও শিশু কন্যা নিয়ে দীর্ঘ নির্বাসিত জীবন জীবন কাটানো, এটা কি কম সংগ্রামের কাহিনী!

সুতরাং তারেক রহমানকে যে যেভাবেই মূল্যায়ন করুক না কেন এটাই সত্য যে, তিনি অনেক ঘাতপ্রতিঘাত, চড়াই উৎরায় ও দুঃস্বপ্নের মধ্য দিয়ে বেড়ে উঠেছেন । আপাতত দৃষ্টিতে মনে হয় তিনি সোনার চামচ মুখে দিয়ে জন্ম নিয়েছিলেন। কিন্তু বাস্তবতা হচ্ছে হচ্ছে, শিশুকাল থেকেই নিরবিচ্ছিন্ন স্বতঃস্ফূর্ত শৈশব তিনি পাননি। প্রথমত সামরিক ব্যারাকের মধ্যে সামরিক অফিসার পিতার কঠিন অনুশাসন এবং এরপর ধারাবাহিক বেদনাদায়ক অনেক ঘটনার মধ্য দিয়ে তিনি পথ চলেছেন।

মোদ্দা কথা, তারেক রহমান শিশুকালে মায়ের সঙ্গে অন্তরীন থাকাকালে একটি দেশের স্বাধীনতা যুদ্ধ দেখেছেন, যে যুদ্ধের ঘোষক ছিলেন তার নিজের পিতা জিয়াউর রহমান। আবার স্বাধীনতার পর শিশু বয়সেই আওয়ামী লীগের কঠিন নিপীড়ন মূলক শাসনের মধ্যে তার কৈশোরে ওঠার কাল কেটেছে। এরপর ১৯৭৫ সালে ১৫ ই আগস্ট সামরিক অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তন, অতঃপর ওই একই বছর তিন নভেম্বর জেনারেল খালেদ মোশারফের পাল্টা অভ্যুত্থান এবং জিয়াউর রহমানের গ্রেফতার হওয়া, অতঃপর ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানের মুক্তি লাভ ইত্যাদি সংঘাতময় পরিস্থিতির মাধ্যমে তারেক রহমানের জীবনের অনেকগুলো ধাপ অতিক্রম হয়েছে। এরপর পিতা জিয়াউর রহমানের প্রেসিডেন্ট হওয়া, জাতীয়তাবাদী দল গঠন পরিবারে সুখের বারতা আনলেও বেশি দিন তা স্থায়ী হয় নাই। ১৯৮১ সালের ৩০ মে ষড়যন্ত্রকারীদের বুলেটে ঝাঁঝরা হয়ে পিতা জিয়াউর রহমানের শাহাদাত বরণের ঘটনা নিশ্চয় ১৬ বছরের তরুণ তারেক রহমানের হৃদয়কে ভেঙে খানখান করে দিয়েছিল।

আর এভাবে কোন কিছু বুঝে ওঠার আগেই আবার ১৯৮২ সালের ২৪ মার্চ জেনারেল এরশাদের সামরিক শাসন তারেক রহমানের জীবনে বয়ে আনে আরেক অন্ধকার সময়। আর সেটা ছিল নয় বছরের এক দুঃসহ লড়াই, যেখানে তার মাতা বেগম খালেদা জিয়া ছিলেন অগ্রভাগের নেতৃত্বে। অতঃপর ১৯৯০ সালের ৬ ডিসেম্বর গণআন্দোলনের মুখে এরশাদের পতন এবং ৯১ সালে জাতীয় নির্বাচনে বিএনপির আবার ক্ষমতাসীন হওয়া এক বিস্ময়কর যাত্রাপথের এক বিজয়গাঁথা। কিন্তু ৯৬ সালের নির্বাচনে বিএনপির পরাজয় এবং আওয়ামী লীগের পুনঃ:দুঃশাসনের সূচনা। অতঃপর ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি তথা চারদলীয় জোট সরকারের প্রথম বাররের মতো মেয়াদ পূর্ণ করার সাফল্য থাকলেও জেনারেল মইন ইউয়ের ষড়যন্ত্রমূলক এক-এগারোর ঘটনা তারেক রহমানের জীবনে নেমে আসে দুর্বিসহ নিপীড়ন। শুধু তাই নয় একজন সেনাপ্রধান, একজন প্রেসিডেন্ট এবং একজন প্রধানমন্ত্রী সন্তান হওয়া সত্ত্বেও তাকে জোরপূর্বক নির্বাসনের জীবন বেছে নিতে বাধ্য করা হয়েছিল। তাই তাকে মাতৃভূমি ছেড়ে যৌবনের সোনালী দিনগুলো কাটাতে হয়েছিল বিদেশ বিভূঁইয়ে। তা এক, দুটি বছর নয়, টানা ১৭ বছর। এই নির্বাসনে থাকাকালে অতিপ্রিয় ছোট ভাই আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যু, বিনাদোষে মাতা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করার বেদনাদায়ক ঘটনা তাকে সহ্য করতে হয়েছে। কিন্তু এত দুঃখ কষ্টের পর আজ তাঁর জীবন পরিপূর্ণ। কারণ অসংখ্য ঘাতপ্রতিঘাত ও দুঃখ কষ্ট সত্বেও আজ তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। আর এই পটভূমিতে পালিত হয়ে গেল তাঁর ৬১তম জন্মদিন। তাঁর কঠোর সমালোচকরা হয়তো কখনোই ভাবেননি যে, একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তারেক রহমানের জন্মদিন পালিত হবে। আপনাকে অশেষ শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমান।

লেখক: জ্যেষ্ঠ সাংবাদিক

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *