✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎
বাংলাদেশের ই-পাসপোর্টে আবারও ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ যুক্ত করা হয়েছে। রোববার এ-সংক্রান্ত সরকারি আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে নতুন নকশা অনুযায়ী ই-পাসপোর্টের জলছাপ পুনর্বিন্যাস ও সংশোধনের নির্দেশ দেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এখন থেকে নতুন করে ইস্যু হওয়া পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ থাকবে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি, জনমত ও ফিলিস্তিন ইস্যুতে দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি আদেশ অনুযায়ী, ই-পাসপোর্টের জলছাপে বেশ কয়েকটি নতুন ছবি সংযোজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’ শিরোনামে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও শহীদ ওয়াসিম আকরাম-এর ছবি। এ ছাড়া সব ধর্মের প্রতীকও যুক্ত করা হয়েছে।
নতুন জলছাপে যা থাকছে
নতুন জলছাপে জাতীয় ফুল শাপলা, রয়্যাল বেঙ্গল টাইগার, জাতীয় পাখি দোয়েল, শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, কান্তজিউ মন্দির, শিখা অনির্বাণ, লালবাগ দুর্গ, কক্সবাজারের ঝাউবন ও সমুদ্রসৈকত, টাঙ্গুয়ার হাওর, ইলিশ, নীলগিরি, আহসান মঞ্জিল, কাঁঠাল, স্বর্ণমন্দির, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, রাজশাহীর আমবাগান, পানামনগর, কার্জন হল, ষাটগম্বুজ মসজিদ, পাট, চা-বাগান, সুন্দরবন, হলি রোজারি চার্চ এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম ‘সংগ্রাম’ স্থান পেয়েছে।
যেসব ছবি বাদ পড়েছে
অন্যদিকে, আগের নকশা থেকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, স্বাধীনতার স্তম্ভ, মডেল মসজিদ, বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু), বঙ্গবন্ধু নভোথিয়েটার, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রোরেল, নৌকাসহ কক্সবাজার সমুদ্রসৈকত, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও মুজিবনগর স্মৃতিসৌধের ছবি বাদ দেওয়া হয়েছে।
কেন ফিরল ‘ইসরায়েল ব্যতীত’
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ২০২০ সালে ই-পাসপোর্ট চালুর সময় পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ বাদ দেওয়া হয়েছিল। এরপর বিভিন্ন মহল থেকে এটি পুনর্বহালের দাবি ওঠে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার পাসপোর্টের নকশা ও বিষয়বস্তু পর্যালোচনা শুরু করে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর সংশোধিত নকশা ও জলছাপ চূড়ান্ত করা হয়েছে।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে নতুন ই-পাসপোর্ট ইস্যু করা হবে। বর্তমান পাসপোর্টধারীদের জন্য তাৎক্ষণিক কোনো পরিবর্তন বা জটিলতা থাকবে না। মেয়াদ শেষে নবায়নের সময় তাঁরা নতুন নকশার পাসপোর্ট পাবেন।
