মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

✍︎ সিলেট প্রতিনিধি ✍︎

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুজিব আলী (২৬) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

শরীফপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস বলেন, খবর নিয়ে জানতে পেরেছি- বিকেলে নিশ্চিন্তপুর এলাকায় মনু নদীতে নামার পর মুজিবুর ভারতীয় সীমানায় চলে গেলে বিএসএফ তাকে গুলি করে। তার মরদেহ ঘটনাস্থলেই পড়ে আছে।

বিজিবি জানায়, বাংলাদেশি ছয়-সাতজনের একটি চোরাকারবারি দল ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় সীমান্ত পিলার ১৮৫২/৫-এস হতে আনুমানিক ৫০০ গজ ভিতরে ভারতের লখাইরচরে প্রবেশ করে।

তখন ১৯৯ ব্যাটালিয়ন বিএসএফ লাঠিয়াপুড়া ক্যাম্পের সদস্যরা চোরাকারবারিদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বাংলাদেশি চোরাকারবারিরা বিএসএফ সদস্যদের উপর দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণের চেষ্টা চালায়।

বিএসএফ সদস্যরা আত্মরক্ষার্থে চোরাকারবারিদের উপর দু-তিনটি গুলি করে। এতে মুজিব আলী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। অন্যরা পালিয়ে এসে আত্মগোপন করে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

সীমান্ত রক্ষা বাহিনী বলছে, “নিহত ব্যক্তি এর আগে চোরাচালানের মালামাল পরিবহনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা যায়।”

শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. হারুন অর রশিদ বলেন, এ ঘটনায় আরও দুইজন আহত হওয়ার খবর তিনি পেয়েছেন। তবে তাদের নাম জানতে পারেননি।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, তারা ঘটনাস্থলে যাচ্ছেন।

৪৬ বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, “সন্ধ্যার পর বৃষ্টি হচ্ছিল। এ সময় তাদের টহলদলের সদস্যরা কয়েকটি গুলির শব্দ শুনেছেন। পরে বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ঘটনার কথা জানায়। এ বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা অব্যাহত আছে।”

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *