✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীতে যোগ দিয়ে মো. সাগর (২৪) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
যুদ্ধে অংশ নিলে ৩০ লাখ টাকার প্রলোভনে পড়ে চলতি বছরের মে মাসে রুশ সেনাবাহিনীতে যোগ দেন তিনি। এরপর থেকে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না।
গত শনিবার (১৭ অক্টোবর) সাগরের এক সহকর্মীর মাধ্যমে তার মৃত্যুর খবর পায় পরিবার। সোমবার (১৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন সাগরের বাবা কবির হোসেন।
সাগর চান্দিনা পৌরসভার ছায়কোট এলাকার মো. কবির হোসেনের ছেলে। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। নিম্নবিত্ত পরিবারের আর্থিক সহায়তায় কিশোর বয়স থেকেই উপজেলা সদরের একটি রড-সিমেন্টের দোকানে রিকশাভ্যান চালাতেন তিনি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে ওই দোকানের এক ম্যানেজারের সহযোগিতায় প্রায় ছয় লাখ টাকা খরচ করে রাশিয়ায় যান সাগর। সেখানে একটি বেকারিতে কাজ শুরু করেন। মাসে আয় করতেন প্রায় ৭০ হাজার টাকা।
পরে সেখানে এক বাংলাদেশি দালালের সঙ্গে পরিচয় হয় তার। পরিবারের অভিযোগ, রাশিয়ার সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে এককালীন ৩০ লাখ টাকা দেওয়ার প্রলোভন দেখান ওই ব্যক্তি। চলতি বছরের মে মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নিতে যান সাগর। এরপর থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়।
সাগরের চাচা আবদুল আওয়াল বলেন, বেকারির কাজ ছেড়ে রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার কথা সাগর তাকে জানিয়েছিলেন। তখন তিনি নিষেধ করেছিলেন। তার অভিযোগ, দালাল ভুল তথ্য দিয়ে সাগরকে যুদ্ধে যোগ দিতে প্ররোচিত করেছেন। শনিবার সাগরের এক বন্ধু তার মৃত্যুর খবর দেন।
সাগরের বাবা কবির হোসেন বলেন, তিনি সবজির ব্যবসা করতেন এবং দীর্ঘদিন ধরে অসুস্থ। অনেক ধারদেনা করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন। প্রায় চার-পাঁচ মাস ধরে ছেলের সঙ্গে কথা বলতে পারেননি। এখন শুনছেন, তার ছেলে আর বেঁচে নেই।
চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক বলেন, বিষয়টি তাদের জানা নেই। খোঁজ নিয়ে দেখবেন।
