ইউক্রেনের ড্রোন হামলায় নিহত কিশোরগঞ্জের রিয়াদ

✍︎ কিশোরগঞ্জ প্রতিনিধি ✍︎

রাশিয়ার সেনাবাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে গিয়ে ড্রোন হামলায় নিহত হয়েছেন কিশোরগঞ্জের তরুণ মো. রিয়াদ রশিদ (২৮)।

রিয়াদ রশিদ জেলার করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের বাসিন্দা আবদুর রশিদের ছেলে। তাঁর মৃত্যুর খবরে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে নিহত রিয়াদ রশিদের বন্ধু লিমন দত্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জারে মৃত্যুর সংবাদ জানান। নরসিংদী জেলার বাসিন্দা লিমন দত্ত রাশিয়ায় রিয়াদের সঙ্গে সেনাবাহিনীর একই ক্যাম্পে ছিলেন।

রিয়াদের বাবা আব্দুর রশিদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, সেনাবাহিনীতে যোগদানের কথা আমাকে জানায়নি। জানলে আমি আমার ছেলেকে যোগদান করতে দিতাম না। ছেলের মরদেহের সন্ধান পাচ্ছি না, ড্রোন হামলায় নাকি নিশ্চিহ্ন হয়ে গেছে রিয়াদ। আমার ছেলের মরদেহটা আমি দেখতে চাই।

রিয়াদের চাচাতো ভাই জহিরুল বলেন, ২০২৪ সালের অক্টোবরে একটি কোম্পানির চাকরি করতে রাশিয়াতে যান রিয়াদ। গত এপ্রিল মাসের ৭ তারিখ রাশিয়ার সেনাবাহিনীতে রিয়াদসহ আরও অনেক বাংলাদেশি যোগদান করেন। রিয়াদের ব্যাচ নম্বর ৭৩৫। রিয়াদের সঙ্গে পরিবারের শেষ কথা হয় ২৮ এপ্রিল। আর ম্যাসেঞ্জারে তাকে অনলাইনে দেখা গেছে ২৯ এপ্রিল রাত ১০টা পর্যন্ত। রিয়াদের মরদেহের সন্ধান এখনও পাওয়া যায়নি।

জাফরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েম বলেন, রিয়াদ আমার স্নেহের ছোট ভাই। ঘটনাটি জানার পর তার বাড়িতে গিয়েছিলাম। রিয়াদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি। শোকে কাতর হয়ে গেছে পরিবার-পরিজন ও এলাকাবাসী। 

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির বলেন, পুলিশ নিহত রিয়াদ রশিদের বাড়িতে গিয়েছিল, পরিবারের সূত্রে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *