আওয়ামী লীগের সাবেক এমপি আরজু আটক

✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎ 

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়া মিনা বাজারের সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশের জানায়, সোমবার রাতে মোহাম্মদপুরের লালমাটিয়ায় মিনা বাজারের সামনে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা আরজুকে আটক করে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটকের সময় ধস্তাধস্তি করতে গিয়ে তিনি সামান্য আঘাত পান।

মোহাম্মদপুর থানা-পুলিশ জানায়, আরজু হৃদ্‌রোগে আক্রান্ত। গ্রেফতারের পর তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে পুলিশি প্রহরায় পরিবারের সদস্যদের সঙ্গে তাকে চিকিৎসকের কাছে পাঠানো হয়।

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হক আরজুকে আটক করা হয়েছে। পরে তাকে গ্রেফতার দেখানো হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার বিষয়ে যাচাই-বাছাই ও তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

খন্দকার আজিজুল হক আরজু পাবনা জেলার আমিনপুর থানার নাটিয়াবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি ২০১৪ সালে পাবনা-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *