✍︎ গোপালগঞ্জ প্রতিনিধি ✍︎
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিক্ষোভ থেকে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাদের বাড়ি, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার মামলার বাদী ও টুঙ্গিপাড়া থানায় কর্মরত উপপরিদর্শক এসআই মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
রোববার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত গোপালগঞ্জ জেলা শহরে বিক্ষোভ চলে। বিকেল ৪টার দিকে টুঙ্গিপাড়ায়ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
বিকেলে উপজেলার পাটগাতী ইউনিয়নের চৌরঙ্গী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুই হাজার ২২৪ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। ওই মামলার বাদী এসআই মোসলেম আলী।
মামলার বিবরণে বলা হয়, মঙ্গলবার (১০ নভেম্বর) নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী চৌরাস্তায় জড়ো হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন। পরে আওয়ামী লীগ, যুবলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের সঙ্গে যোগ দিয়ে মিছিল বের করেন। একপর্যায়ে তারা জনসাধারণের চলাচলের সড়ক অবরোধ করেন এবং পুলিশের সরকারি গাড়ির পথরোধ করে ঘিরে ফেলেন। এসময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয়। লাঠিসোঁটা দিয়ে গাড়ির বিভিন্ন অংশে আঘাত করে সব কাচ ভেঙে ফেলা হয়।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে উপজেলা সদরে মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মোসলেম উদ্দিনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।
রোববার দুপুর ২ টায় উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজারে মিছিল বের করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে পাকুরতিয়া মাদ্রাসার পাশে বিএনপি সমর্থকদের দুটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয় তারা। এরপর সাড়ে ৩ টার দিকে একটি মিছিল পাটগাতী বাজারে যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ৪ টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জসিম শেখের শ্রীরামকান্দির বাড়িতে আগুন ধরিয়ে দেয়। বিকাল পাঁচটার দিকে গওহরডাঙ্গা চৌরঙ্গীর মোড়ে বিএনপির সমর্থক মাহমুদ বিশ্বাসের দোকান পুড়িয়ে দেওয়া হয়। একই সময় টুঙ্গিপাড়া বাজারে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর খানের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়। পরে রাত ৮ টার দিকে পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার পাটগাতি বাজারের বাসভবন ভাঙচুর করে পুড়িয়ে দেয়। এছাড়া একই সময় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোপাল সরকারের বাড়ি ভাঙচুর করা হয়। এরপর সাড়ে আটটার দিকে পৌর ছাত্রদলের আহবায়ক ইয়েন মুন্সির পাটগাতী মধ্যপাড়া গ্রামের বাড়িতে ভাঙচুর করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে রাত ৯ টার দিকে গ্রামীন ব্যাংকের পাটগাতী টুঙ্গিপাড়া শাখায় আগুন ধরিয়ে দেয়।
টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লা বলেন, ‘বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এদেশে রাজনীতি করার অধিকার সবার আছে। আমরা বিএনপি করি বলেই নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা আমাদের বাড়িঘর ভাঙবে, পুড়িয়ে দেবে! আমরা দোষীদের শাস্তির দাবি জানাই।’
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা শুনেছি। কিন্তু এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটের মধ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি না হলেও একটি দরজার কিছু অংশ পুড়ে গেছে। এ ঘটনায় কেউ আহত হননি।
মঙ্গলবার দুপুরে উপজেলার পাটগাতী এলাকায় গ্রামীণ ব্যাংকের টুঙ্গিপাড়া শাখায় এ ঘটনা ঘটে। পরে মো. সুজন মোল্লা নামের এক ছাত্রলীগ কর্মী এ ঘটনায় জড়িত থাকার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন।
ভিডিওতে দেখা যায়, সুজন মোল্লাসহ তিনজন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের পাটগাতী টুঙ্গিপাড়া শাখার কার্যালয় লক্ষ্য করে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করেন। এ সময় সুজনকে বলতে শোনা যায়, ‘ইউনূসের মতো কোনো স্বৈরাচারের ঠাঁই এই টুঙ্গিপাড়াতে হবে না।’ পরে তাঁরা কার্যালয়ের প্রধান ফটকের তালা ভাঙার চেষ্টা করেন।
গ্রামীণ ব্যাংকের পাটগাতী টুঙ্গিপাড়া শাখার ব্যবস্থাপক মো. আনোয়ার জাহিদ বলেন, ‘সকালে কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে আমরা বাইরে কাজ করছিলাম। দুপুরে পেট্রলবোমা নিক্ষেপের খবর পেয়ে কার্যালয়ে এসে একটি দরজার কিছু অংশ পুড়ে যেতে দেখি। তবে ভেতরে অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কেউ আহত হননি। যাঁরা এ ঘটনা ঘটিয়েছেন, তাঁরাই আবার ফেসবুকে ভিডিওটি পোস্ট করেছেন।’
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ থানায় কোনো অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
