প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার

✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে মাদারীপুরের রাজৈর থানার বদরপাশা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস) মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রশ্নফাঁসের ঘটনায় করা মামলায় সোহাগ ফকিরের সম্পৃক্ততা পাওয়ার তথ্যের ভিত্তিতে মাদারীপুর রাজৈর থানা পুলিশের সহায়তায় বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেফতার করা হয়েছে।

সিআইডি সূত্রে জানা গেছে, গ্রেফতারের সময় তার কাছ থেকে দুটি স্মার্টফোনসহ বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে।

মামলাটির তদন্তের ধারাবাহিকতায় প্রাপ্ত তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোহাগ ফকিরের অবস্থান শনাক্ত করে সিআইডি। পরবর্তীতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

গত ১০ অক্টোবর প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। ওইদিন সকাল ১১টা থেকে ঢাকার ৯৫টি কেন্দ্রে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে, পরীক্ষা শুরুর ঠিক আগ মুহূর্তে তা স্থগিত করা হয়।

এ ঘটনায় গত ১১ অক্টোবর মতিঝিল থানায় মামলা করা হয়।

পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৫০-এর ৪, ৫ ও ৯(ক) ধারায় মামলাটি করা হয়।

পরবর্তীতে স্থগিত পরীক্ষা গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত হয়। এতে পাস করেছেন ৫ হাজার ৩৮৬ জন প্রার্থী।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *