বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

✍︎ ক্রীড়া প্রতিবেদক ✍︎

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। শনিবার (১৬ মে) এ তফসিল ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ী, আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন। নির্বাচনের প্রাথমিক আনুষ্ঠানিকতা হিসেবে আগামী ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিক্রি করা হবে।

বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল মেয়াদ পূর্ণ হওয়ার আগেই নির্বাচন দেওয়ার ইচ্ছে প্রকাশ করার পর তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন হয়।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা ২০ ও ২১ মে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয় থেকে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

মনোনয়নপত্র জমা বা দাখিলের জন্য সময় নির্ধারণ করা হয়েছে ২২ ও ২৩ মে। মনোনয়নপত্র দাখিলের পর তা যাচাই-বাছাই ও প্রত্যাহারের নির্দিষ্ট প্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

প্রতিবারের মতো এবারও তিন ক্যাটাগরি থেকে বিসিবির ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। জেলা ও বিভাগ ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ১০ জন পরিচালক। ক্লাব ক্যাটাগরি থেকে আসবেন ১২ জন। আর সাবেক ক্রিকেটারদের ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ১ জন পরিচালক।

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। পরে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়।

তখন এনএসসি জানিয়েছিল, তিন মাসের মধ্যে বিসিবির নির্বাচন আয়োজন করবে এই অ্যাডহক কমিটি। সেই ঘোষণার ধারাবাহিকতায় এবার নির্বাচনের তফশিল ঘোষণা করা হলো।

গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত হয়েছিল বিসিবির সর্বশেষ নির্বাচন। তবে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পর্ষদ ছয় মাস পূর্ণ হওয়ার আগেই বিলুপ্ত করা হয়। দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা বিরোধিতার মুখে পড়ে সেই কমিটি। বুলবুলের নেতৃত্বে পর্ষদ গঠনের পর সাতজন পরিচালক পদত্যাগও করেন।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *