✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎
মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১১ মে) নবান্নে অনুষ্ঠিত প্রথম ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘোষণা করেন।
তিনি জানান, সীমান্তে অনুপ্রবেশ রোধ এবং নিরাপত্তা জোরদার করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভূমি ও রাজস্ব দপ্তরকে অবিলম্বে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। বিএসএফ যতটা জমি চাইবে, ততটাই দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
এর আগে একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেছিলেন যে, পূর্ববর্তী রাজ্য সরকার সীমান্তে কাঁটাতার নির্মাণের জন্য বিএসএফকে জমি দিতে সহযোগিতা করেনি। নতুন সরকার ক্ষমতায় এসেই সেই সমস্যার সমাধানে পদক্ষেপ নিয়েছে বলে দাবি করা হয়েছে। সরকারের মতে, এর ফলে সীমান্ত আরও সুরক্ষিত হবে এবং অনুপ্রবেশসহ অন্যান্য সমস্যা কমবে।
গত শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সোমবার প্রথমবার নবান্নে অফিস করেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর দপ্তর সংলগ্ন ১৪ তলায় অনুষ্ঠিত হয় প্রথম মন্ত্রিসভার বৈঠক।
বৈঠকে উপস্থিত ছিলেন- দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও নিশীথ প্রমাণিক। যদিও তাদের দপ্তর এখনো বণ্টন হয়নি।
বৈঠকে সীমান্তে কাঁটাতারের জন্য জমি হস্তান্তরের পাশাপাশি আরও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে পশ্চিমবঙ্গকে যুক্ত করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।
এর মধ্যে রয়েছে- আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও এবং প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ৩.০-সহ আরও একাধিক কেন্দ্রীয় প্রকল্প। এ ছাড়া সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
নবান্নে পৌঁছে মুখ্যমন্ত্রীকে ‘গার্ড অব অনার’ দেয় পশ্চিমবঙ্গ পুলিশ। এরপর মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজিপি এবং কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেন তিনি।
বৈঠকে আইনশৃঙ্খলা, প্রশাসনিক পরিস্থিতি এবং উন্নয়নমূলক নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে কলকাতা হাইকোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারকে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য নয়টি জেলায় বিএসএফকে জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছিলেন। এ জন্য ৩১ মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন আদালত।
রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সবচেয়ে বড় সুখবরটি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বর্তমানের তুলনায় আরও পাঁচ বছর বৃদ্ধি করা হলো। শুভেন্দু অধিকারী বলেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আগেই বলেছিলেন যে রাজ্যে দীর্ঘকাল নিয়োগ প্রক্রিয়া থমকে ছিল। সেই কথা মাথায় রেখেই শিক্ষিত যুবক-যুবতীদের সুযোগ করে দিতে আমরা বয়সের সীমা পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে সরকারি চাকরিতে আবেদনের সাধারণ সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর। তবে তফসিলি জনগোষ্ঠীর প্রার্থীরা ৪৫ বছর এবং অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৪৩ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন। আবার পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের মতো গ্রুপ এ ও বি পদে আবেদনের ঊর্ধ্বসীমা ৩৬ থেকে ৩৯ বছর পর্যন্ত হতে পারে।
রাজ্যে অবশেষে চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত ‘আয়ুষ্মান ভারত’ স্বাস্থ্য যোজনা। সোমবার থেকেই পশ্চিমবঙ্গ এই প্রকল্পের সঙ্গে যুক্ত হলো বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু জানিয়েছেন। এ ছাড়া প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, কিষাণ বিমা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও এবং উজ্জ্বলা যোজনার মতো সমস্ত কেন্দ্রীয় প্রকল্প এখন থেকে রাজ্যে সক্রিয়ভাবে কাজ করবে। জেলাশাসকদের দ্রুত আবেদনপত্র পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের সরকারকে হটিয়ে পশ্চিমবঙ্গে নতুন সরকার গড়েছে হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মুখ্যমন্ত্রী হয়েছেন মমতার একসময়ের ঘনিষ্ঠ সহযোগী শুভেন্দু। সরকার গড়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই তিনি সীমান্তে বিএসএফকে জমি দেওয়ার অনুমোদন দিয়েছেন।
