✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎
কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ দেশের বিভিন্ন ব্যাংকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠায়। বিএফআইইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএফআইইউর পাঠানো ই-মেইল বার্তায় সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম (এওএফ), গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত তথ্য (কেওয়াইসি) এবং হিসাব বিবরণী (স্টেটমেন্ট) চাওয়া হয়েছে।
এ ছাড়া তার নামে থাকা হিসাবগুলোর কেওয়াইসি ও হিসাব বিবরণীর সফটকপি পাঠাতে বলা হয়েছে। পাশাপাশি বিএফআইইউর পাঠানো এক্সেল ফাইলে তার হিসাবসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য এবং চিহ্নিত প্রতিটি হিসাবের সুদ আয় ও উৎসে কর (টিডিএস)-সংক্রান্ত তথ্য পূরণ করে পাঠাতে বলা হয়েছে।
লেনদেনসংক্রান্ত তথ্য তলবের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলেও বিএফআইইউর ই-মেইলে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে বিএফআইইউর একটি পরিপত্রের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে তলব করা তথ্যের গোপনীয়তা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি সালমান মোহাম্মদ মুক্তাদিরের কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়। দুর্বৃত্তরা তার কার্যালয়ে ঢুকে বিভিন্ন আসবাব ও জিনিসপত্র ভাঙচুর করে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়।
ঘটনার পর সালমান মুক্তাদির প্রথমে অভিযোগ করেন, বিএনপির লোকজন তার কাছে চাঁদা চেয়েছিল। তবে পরে তিনি জানান, তার কাছে চাঁদা চাওয়া হয়নি। তার বক্তব্যের পরিবর্তন নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হয়।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ-উর রহমান বলেন, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি ও ভাইরাল জনপ্রিয়তা পাওয়া ব্যক্তিরা ভবিষ্যতে আরও দায়িত্বশীলতার সঙ্গে বক্তব্য ও কর্মকাণ্ড পরিচালনা করবেন বলে তিনি আশা করেন।
ব্যাংক হিসাব তলবের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদির। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায় তিনি সরকারের উদ্দেশে বিভিন্ন প্রশ্ন তোলেন এবং তার ব্যাংক হিসাবের তথ্য তলব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে দেয়া ভিডিও বার্তায় সালমান মুক্তাদির বলেন, ‘আমি যখন ভুক্তভোগী হিসেবে প্রশ্ন করলাম, তখন কেন আপনার (সরকার) ব্যাংক হিসাব তলব করার কথা মনে হলো? অবশ্যই, যা করবেন করেন। সবকিছু ঠিকঠাক আছে।’
এর আগে বুধবার দেশের বিভিন্ন ব্যাংকে ই-মেইল পাঠিয়ে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য ও লেনদেনের বিবরণ চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ই-মেইলে তার হিসাব খোলার ফরম, গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত তথ্য (কেওয়াইসি) এবং হিসাব বিবরণীসহ প্রয়োজনীয় তথ্য দিতে বলা হয়েছে।
ব্যাংক হিসাবের তথ্য চাওয়ার প্রসঙ্গে সালমান মুক্তাদির আরও বলেন, ‘চুক্তিপত্র লাগবে দিলাম। লেটার লাগবে দিলাম। ট্রানজেকশন লাগবে দিলাম। এগ্রিমেন্ট লাগবে দিলাম। অংশীদারিত্ব লাগবে দিলাম। তারপর আর কী করবেন?’
মামলার প্রসঙ্গও তোলেন তিনি। সালমান বলেন, ‘মামলা কী ফেসবুকে এসে দেব? মামলা তো বহুত হয়েছে। কয়টা সামলেছেন আপনারা?’
সম্প্রতি রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজ-এ সালমান মুক্তাদিরের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা তার কার্যালয়ে ঢুকে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার পর রাতেই একটি ভিডিও বার্তা দেন সালমান মুক্তাদির। সেখানে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উদ্দেশে বলেন, ‘আপনি প্লিজ কোনো টেনশন নিবেন না, দিস ইজ নরমাল ইন বাংলাদেশ।’
কার্যালয়ে হামলার ঘটনায় সালমান মুক্তাদির প্রথমে বিএনপির লোকজনের বিরুদ্ধে চাঁদা চাওয়ার অভিযোগ তুলেছিলেন। পরে তিনি জানান, তার কাছে চাঁদা চাওয়া হয়নি। এ ঘটনায় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, সালমান মুক্তাদিরসহ ব্যাপক পরিচিতি ও ভাইরাল জনপ্রিয়তা রয়েছে, এমন ব্যক্তিরা ভবিষ্যতে আরও দায়িত্বশীল হবেন বলে তিনি আশা করেন।
