রিয়াদগামী বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ

✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎ এ

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের বিজি-৩৩৯ ও বিজি-৩৪০ ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

শনিবার এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের অভিমুখে সব ফ্লাইট স্থগিত করেছে। ফলে বিমানের নির্ধারিত ঢাকা-রিয়াদ-ঢাকা ফ্লাইট দুটিও স্থগিত করতে হয়েছে।

এতে বলা হয়, বিজি-৩৩৯ ও বিজি-৩৪০ ফ্লাইটে যাদের বুকিং রয়েছে, তাদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ফ্লাইট দুটির পুনঃতফসিল বা পরবর্তী অবস্থা সম্পর্কে আগামীকাল রোববার বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে বিমান।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করে যাত্রীদের পরবর্তী ব্যবস্থা নিয়ে কাজ চলছে। ক্ষতিগ্রস্ত যাত্রীরা তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে অথবা নিকটস্থ বিমানের বিক্রয় কার্যালয়ে যেতে পারবেন।

ফ্লাইট স্থগিতের কারণে যাত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের যে ভোগান্তি হচ্ছে, এর জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পরিস্থিতির অগ্রগতি অনুযায়ী বিমানের ওয়েবসাইট ও অন্যান্য যোগাযোগমাধ্যমেও পরবর্তী তথ্য জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে, সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ঘটনায় বিমানবন্দরের কিছু অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনাস্থলের দিকে এক ডজনের বেশি অ্যাম্বুলেন্স ছুটে যেতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শী ও বিষয়টি সম্পর্কে অবহিত ব্যক্তিরা জানিয়েছেন।

ইরান-সমর্থিত ইয়েমেনের হুতিদের সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা জোরদারের মধ্যেই এ ঘটনা ঘটল। চলতি সপ্তাহে এর আগে দুই দফা হামলার শিকার হয়েছে বিমানবন্দরটি। এসব হামলায় চারজন নিহত ও আরও কয়েকজন আহত হন। একটি বিমানও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

শনিবারের বিস্ফোরণের বিষয়ে সৌদি সরকারের মিডিয়া অফিস ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, রিয়াদগামী সব ফ্লাইট হয় অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে, নয়তো বাতিল করা হয়েছে। বিমানবন্দরের আকাশে শুধু একটি হেলিকপ্টার উড়তে দেখা গেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সরাসরি সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করতে এবং বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নিতে বলেছে।

এদিকে ইতিহাদ এয়ারওয়েজ ও কাতার এয়ারওয়েজ তাদের নিজ নিজ হাব থেকে রিয়াদগামী একাধিক ফ্লাইট বাতিল করেছে। কিছু ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত সোমবার পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার এবং এর আগে চলতি সপ্তাহে হুতিদের হামলার পর সৌদি রাজধানীতে বেশ কয়েকটি এয়ারলাইনস ইতিমধ্যে তাদের ফ্লাইট স্থগিত বা বাতিল করেছে।

এ ঘটনার কারণে রিয়াদে অনুষ্ঠেয় বড় জ্বালানি ও বিনিয়োগ সম্মেলন নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। তবে এসব সম্মেলনের আয়োজকেরা জানিয়েছেন, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিয়েও আশ্বস্ত করার চেষ্টা করেছেন তাঁরা।

এর আগে হুতিরা সৌদি আকাশসীমা এড়িয়ে চলার জন্য বিমান সংস্থাগুলোকে সতর্ক করে। সৌদি আরব-সমর্থিত ইয়েমেনের সরকার চলতি মাসের শুরুতে হুতিদের বিরুদ্ধে অভিযান শুরু করার পর সংগঠনটি সৌদি আকাশসীমাকে ‘সামরিক অভিযানের এলাকা’ হিসেবে ঘোষণা করে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *