𓂃✍︎ নাগরিক প্রতিবেদক 𓂃✍︎
সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের এমপি দীনেশ ত্রিবেদীকে ঢাকায় পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন পরবর্তীকালে ঢাকার সঙ্গে দিল্লির শীতল সম্পর্কে উষ্ণতা আনার চেষ্টার মধ্যে এ সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় কেন্দ্রীয় সরকার।
হিন্দুস্তান টাইমস শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলেছে, দীনেশকে মনোনয়নের মধ্য দিয়ে দীর্ঘদিন পর এ পদে হচ্ছে রাজনৈতিক নিয়োগ। পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন বিজেপির এ নেতা।
ঢাকায় দীনেশের দায়িত্বকালে ইউরোপিয়ান ইউনিয়নে (ইইউ) ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন প্রণয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, হাইকমিশনার নিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে চুক্তি চায় দিল্লি। ৭৫ বছর বয়সী ঝানু রাজনীতিকের এ নিয়োগকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত কূটনীতিকদের প্রতি একটি বার্তা হিসেবে দেখা হচ্ছে।
কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের সময় কেন্দ্রীয় রেলপথ মন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন দীনেশ। সে সময় তিনি ছিলেন তৃণমূল কংগ্রেস সদস্য।
বর্ষীয়ান এ রাজনীতিক ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি তৃণমূল থেকে পদত্যাগ করে একই বছরের ৬ মার্চ যোগ দেন বিজেপিতে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দীনেশকে নিয়োগের মধ্য দিয়ে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, গুরুত্বপূর্ণ দেশগুলোতে রাজনীতিকদের দূত হিসেবে নিয়োগের বিরোধী নয় কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে এ বার্তাও দেওয়া হয়েছে যে, এ পদগুলো কেবল ইন্ডিয়ান ফরেন সার্ভিসের কর্মকর্তাদের জন্য সংরক্ষিত নয়।
এর আগে সাবেক সেনাপ্রধান জেনারেল দলবীর সিং সুহাগকে সিচেলিসে হাইকমিশনার হিসেবে নিয়োগ করে ভারত, যিনি এ পদে ছিলেন ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত। এর কয়েক বছর পর দীনেশকে ঢাকায় মনোনয়ন দেওয়ার মধ্য দিয়ে কূটনৈতিক মিশনে পেশাদার কূটনীতিকদের মধুচন্দ্রিমা শেষের ইঙ্গিত দেওয়া হয়েছে।
এর আগে ভারতের কিছু গণমাধ্যম হাইকমিশনার হিসেবে বিহারের সদ্য বিদায়ী গভর্নর ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা আরিফ মোহাম্মদ খান -এর নিয়োগের সম্ভাবনার কথা জানিয়েছিল।
