✍︎ যশোর প্রতিনিধি ✍︎
যশোর সদরে কোদাল দিয়ে কুপিয়ে শেখ আবু তালেব (৭০) নামের বিএনপির সাবেক নেতাকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের মামাতো ভাই শফিয়ার রহমানকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেলে উপজেলার মুনসেফপুর গ্রামের বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত আবু তালেব স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক নেতা ছিলেন।
নিহতের ছেলে শাহজাহান আলী জানান, তাঁর বাবা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বড় মসজিদের সামনে পৌঁছালে শফিয়ার রহমান অতর্কিতভাবে কোদাল দিয়ে তাঁর মাথায় সজোরে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আবু তালেব। পরে স্বজন ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শাহজাহান আলী আরও জানান, তাঁর বাবার সঙ্গে অভিযুক্ত শফিয়ার রহমানের আগে থেকে কোনো বিরোধ ছিল কি না, তা তিনি জানেন না।
নিহত আবু তালেব স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক নেতা ছিলেন। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন জানান, পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। অভিযুক্ত শফিয়ার রহমানকে আটক করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
