পদ্মায় নৌকাডুবি: ১০ বাংলাদেশিকে উদ্ধার করল বিএসএফ

✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীতে ১০ যাত্রী নদীর তীব্র স্রোতে ভেসে ভারতীয় সীমানায় প্রবেশ করলে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের জীবিত উদ্ধার করে। এ ঘটনায় এক যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও মোস্তফা হোসেন নামে অপর একজন এখনও নিখোঁজ।

স্থানীয় বাসিন্দা ও নৌ-পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে কামাল মাঝি নামে এক ব্যক্তি ১২ জন যাত্রী নিয়ে চরবাগডাঙ্গার গোয়ালডুবি ঘাট থেকে নারায়ণপুরের খলিফাচর এলাকার উদ্দেশে রওনা দেন। বাখেরআলী থেকে জোহরপুরে যাওয়ার পথে পদ্মার মাঝ নদীতে তীব্র স্রোত ও ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে যায়।

নৌকার মাঝি মো. কামাল জানান, যাত্রী নিয়ে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ ভাসমান স্রোতের মুখে পড়ে নৌকাটি ডুবে যায়। মাত্র ১০ মিনিটের মধ্যে ১০ জন যাত্রী ভেসে সীমান্ত পার হয়ে ভারতের অংশে চলে যান।

নদীতে ভেসে যাওয়া যাত্রীদের ভারতীয় মুর্শিদাবাদ জেলার খান্দুরা বিএসএফ ক্যাম্পের সদস্যরা দেখতে পান। পরে বিএসএফের টহল দল স্পিডবোট নিয়ে নদীতে নেমে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে ১০ জন বাংলাদেশিকে জীবিত উদ্ধার করে। উদ্ধারদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তারা বর্তমানে বিএসএফ হেফাজতে নিরাপদে রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ বলেন, নৌকাডুবির খবর পাওয়ার পরপরই পুলিশ বিষয়টির খোঁজ-খবর নেওয়া শুরু করে। ১০ জন যাত্রী ভেসে ভারতে চলে যান এবং বিএসএফ তাদের উদ্ধার করে। একজন সাঁতরে এপারে উঠে আসতে পারলেও মোস্তফা হোসেন নামে এক ব্যক্তি এখনও নিখোঁজ।

এদিকে ভারতে থাকা ১০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি-৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, বিএসএফ কর্তৃপক্ষের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। উদ্ধার ১০ বাংলাদেশিকে বিএসএফ আমাদের কাছে হস্তান্তর করতে সম্মত হয়েছে এবং তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিখোঁজ মোস্তফা হোসেনকে উদ্ধারে নদীতে স্থানীয়ভাবে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *