✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎
বৈশাখী টেলিভিশনের অফিস থেকে পুলিশ হেফাজতে নেওয়ার পর প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে গাজীপুরের কালিয়াকৈরে বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
রোববার দুপুরে কালিয়াকৈর থানা পুলিশ তাঁকে গাজীপুর কারাগারে পাঠিয়েছে।
গতকাল শনিবার মহাখালীতে বৈশাখী টেলিভিশনের প্রধান কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই পরিস্থিতিতে উদ্ধারের আকুতি জানিয়ে কার্যালয়ের ছাদ থেকে ফেসবুকে সরাসরি সম্প্রচার করেন প্রতিষ্ঠানটির একজন সাংবাদিক।
বেলা সাড়ে তিনটার দিকে বৈশাখী টেলিভিশনের আনুষ্ঠানিক ফেসবুক পেজ থেকে ঘটনাটি সরাসরি সম্প্রচার করা হয়। সম্প্রচারে একজন সাংবাদিক দাবি করেন, একদল লোক কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে। মূল ফটকে তালা দিয়ে তাঁদের অবরুদ্ধ করা হয়েছে। হামলায় একজন সংবাদকর্মী আহত হয়েছেন বলেও তিনি দাবি করেন।
এ সময় বৈশাখী টেলিভিশনের প্রধান কার্যালয়ে প্রবেশের পর টিপু আলম মিলনকে একদল লোক ঘিরে রাখে বলে পুলিশ জানায়। খবর পেয়ে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। টিপু আলম বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত হত্যা মামলার আসামি।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকালে রাজধানীর মহাখালী এলাকা থেকে বৈশাখী টেলিভিশনের ডিএমডি ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে আটক করে বনানী থানা পুলিশ। সেখানে তার বিরুদ্ধে নতুন কোনো মামলা না দিয়ে জাতীয় পরিচয়পত্র যাচাই করলে কালিয়াকৈর থানার ওই হত্যা মামলার তথ্য পাওয়া যায়। ২০২৪ সালের ১৩ ডিসেম্বর কালিয়াকৈর উপজেলার মহিষবাথান এলাকার শহীদ মণ্ডলের ছেলে স্বপন মণ্ডল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ওই মামলায় টিপু আলম মিলনকে ১৯ নম্বর আসামি করা হয়েছে।
পুলিশ আরও জানায়, মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
শনিবার রাতেই বনানী থানা পুলিশ টিপু আলম মিলনকে কালিয়াকৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে আনসার একাডেমি এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত হত্যা মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারের পর আজ টিপু আলম মিলনকে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে।
