✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎
আবারও বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে। এবার প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অপরিবর্তিত রয়েছে পাম অয়েলের মূল্য।
বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নতুন এ দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং দেশের বাজারে ভোজ্যতেলের বর্তমান মূল্য পরিস্থিতি পর্যালোচনার পর সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়।
নতুন দরে এখন থেকে বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকায় বিক্রি হবে। এর আগে একই পরিমাণ তেলের দাম ছিল ১৯৯ টাকা। ফলে প্রতি লিটারে ভোক্তাকে আগের তুলনায় ৫ টাকা বেশি দিতে হবে। অন্যদিকে পাম অয়েলের দামে কোনো পরিবর্তন হয়নি।
এর আগে চলতি বছরের ২৬ এপ্রিলও সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা নির্ধারণ করা হয়। এর আগে এ তেলের দাম ছিল ১৯৫ টাকা।
এর আগে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকেরা বৈঠক করেন।
বাণিজ্যসচিব আতাউর রহমান খান বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বেড়েছে, পাশাপাশি বেড়েছে পরিবহন ব্যয়। এসব কারণ দেখিয়ে ব্যবসায়ীরা দাম বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। ব্যবসায়ীদের দাবি ছিল আরও বেশি (লিটারে ১০ টাকা) দাম বাড়ানোর। তিনি বলেন, বাজারে বর্তমানে ভোজ্যতেলের কোনো সংকট নেই। পরিস্থিতি বিবেচনা করে সরকার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে।
সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো মন্ত্রিসভা অনুমোদন করেছে। সম্প্রতি বেড়েছে চিনির দাম। নতুন করে ভোজ্যতেলের দাম বাড়ানোয় মূল্যস্ফীতিতে এর প্রভাব পড়বে কি না—এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্যসচিব বলেন, ‘কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে।’
