ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল

✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছে। এ ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার টিম হুমকির ই-মেইলটির উৎস ও প্রেরকের পরিচয় শনাক্তে তদন্ত করছে।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ‘টিপিক্যাল চায়নিজ ম্যান’ নামের একটি ই-মেইল আইডি থেকে হুমকিটি পাঠানো হয়।

ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সবার উদ্দেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে ‘গণবোমা হামলা’ চালানো হবে। হামলার সময় সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টার কথা উল্লেখ করা হয়। ই-মেইলে আরও বলা হয়, হামলাকারীকে কেউ দেখতে পেলেও ঠেকাতে পারবে না।

পুলিশ জানায়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হুমকির ই-মেইল পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিতে ই-মেইলটি ফরোয়ার্ড করে। পরে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, হুমকির বিষয়টি গুরুত্ব দিয়ে একাধিক গোয়েন্দা সংস্থা কাজ করছে। হুমকিদাতার পরিচয় ও ই-মেইলটির উৎস শনাক্তের চেষ্টা চলছে।

‎ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পাঠানো ওই ইমেইল বার্তায় বলা হয়, আমি বাংলাদেশের ঢাকা ১২১২, প্রগতি সরণি, খা ২২৪-এ অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটি গণবোমা হামলা চালাবো। তাই যদি আমার মুখ দেখতে পাও, তবে জেনে রেখো যে, যা ঘটতে চলেছে তা তোমাদের কেউই থামাতে পারবে না। আগামীকাল ৬ অক্টোবর আনুমানিক সকাল ১১টায় এই হামলা করা হবে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশনস বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই ধরনের একটি অজ্ঞাত ই-মেইল আমরা পেয়েছি। বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। ইতিমধ্যে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে এবং আমরা তাদের কাছ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা পাচ্ছি। এই মুহূর্তে আমরা আমাদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ ব্র্যাক ইউনিভার্সিটি পরিবারের সকল সদস্যের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছি।’

ডিএমপির গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ রুহুল কবির খান জানান, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটি সম্ভাব্য কোনো হুমকি নয়। এ ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি ডিবির সাইবার টিম তদন্ত করছে।

বাড্ডা থানার ওসি নাসিরুল আমীন বলেন, এ ঘটনায় রবিবার সন্ধ্যায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বর্তমানে সেটি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) সাইবার এন্ড স্পেশাল ক্রাইম তদন্ত করছে।

ডিএমপির গোয়েন্দা (ডিবি) সাইবার এন্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তরিকুল ইসলাম বলেন, আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। তবে এখনই কিছু বলা যাচ্ছে না।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *