পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎

রাজধানীর শেরেবাংলা নগরে পুরাটন বাণিজ্য মেলার মাঠ থেকে ২০টির বেশি ককটেল ও পেট্রলবোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

উদ্ধারের পর ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট পাঠানো হয়েছে। তারা বিস্ফোরক দ্রব্যগুলো নিষ্ক্রিয় করার কাজ করছে।

সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুরোনো বাণিজ্য মেলার মাঠে অভিযান চালায় এসআরবি। পরে সেখানে বিপুলসংখ্যক বিস্ফোরক দ্রব্য পড়ে থাকার তথ্য পাওয়া যায়। এরপর নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুরোনো বাণিজ্য মেলার মাঠে অভিযান চালিয়ে ককটেল ও পেট্রলবোমাগুলো উদ্ধার করা হয়েছে। এগুলো নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়েছে।

ঘটনাস্থলে থাকা এসআরবির স্কোয়াড্রন লিডার নিফাজ জানান, তাঁদের দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। একটি ব্যাগের ভেতর বেশ কিছু বোমা পাওয়া যায়। এরই মধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিট কয়েকটি বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করেছে। আরও কিছু বিস্ফোরক দ্রব্য রয়েছে। সেগুলো জনসাধারণের চলাচলের এলাকার বাইরে নিয়ে গিয়ে পরে নিষ্ক্রিয় করা হবে। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ২০টির মতো ককটেল ও পেট্রলবোমা পাওয়া গেছে।

এদিকে নিরাপত্তার কারণে ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাধারণ মানুষের চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে। এসব বিস্ফোরক দ্রব্য সেখানে কীভাবে এল ও এর সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উদ্ধার ও নিষ্ক্রিয়করণ কার্যক্রম শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যেতে পারে।

এদিকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান এলাকাতেও ককটেল ও বোমাসদৃশ বস্তুর খবর পাওয়া গিয়েছে বলে জানা যায়।

এসআরবি সূত্রে জানা জানা যায়, বুদ্ধিজীবী কবরস্থান এলাকাটি বর্তমানে এসআরবি-২ এর স্পেশাল কোম্পানির একটি বিশেষ দল নিরাপত্তা বেষ্টনী দিয়ে (কর্ডন) ঘিরে রেখেছে। সেখানে এসআরবি বোম্ব ডিসপোজাল ইউনিট প্রয়োজনীয় নিষ্ক্রিয়করণ কার্যক্রম পরিচালনা করছে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *