সম্মিলিত ইসলামী ব্যাংক: প্রথম দিনে ২৫০ কোটি টাকা উত্তোলন

✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে প্রথম দিনে প্রায় ২৫০ কোটি টাকা উত্তোলন করেছেন। সোমবার দিন শেষে ব্যাংকটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

গ্রাহকরা টাকা উত্তোলনের জন্য যতটা উদগ্রীব ছিলেন, সে তুলনায় প্রথম দিনে আমানত উত্তোলনের পরিমাণ কম।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।

জানা গেছে, আমানত ফেরত পেতে পাঁচ ব্যাংকের গ্রাহকদের কাছ থেকে ৭৪ হাজার আবেদন জমা পড়েছে।এসব আবেদনের বিপরীতে অর্থের দাবি রয়েছে ৩ হাজার ৯২৫ কোটি টাকা।

এর আগে, গত ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ব্যক্তি আমানতকারীদের কাছ থেকে টাকা ফেরতের আবেদন নেওয়া হয়। এ সময়ে ৭৪ হাজার ২২১টি আবেদনের বিপরীতে প্রায় ৩ হাজার ৯২৫ কোটি টাকা ফেরতের আবেদন জমা পড়ে।

১ সেপ্টেম্বর প্রথম দিনেই ১৮ হাজার ৪৬টি আবেদনের বিপরীতে ১ হাজার ৩২৯ কোটি টাকা ফেরতের চাহিদা দেওয়া হয়। দ্বিতীয় দিনে ১৯ হাজার ৬১৩টি আবেদনের বিপরীতে ১ হাজার ১৬ কোটি, তৃতীয় দিনে ২১ হাজার ৮৬টি আবেদনের বিপরীতে ৯২৩ কোটি এবং শেষ দিন ১৫ হাজার ৪৭৬টি আবেদনের বিপরীতে ৬৫৭ কোটি টাকা ফেরতের আবেদন করা হয়।

প্রথম দিন যারা টাকা ফেরতের আবেদন করেছিলেন, তাদের গতকাল ব্যাংকে আসতে বলা হয়। তবে তাদের একটি অংশ ব্যাংকে এসে টাকা নেননি। কেউ কেউ জানিয়েছেন, আপাতত আমানত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ, মেয়াদি আমানতের টাকা এখন তুলে নিলে মুনাফা পাওয়া যাবে না। ব্যাংকের কর্মকর্তাদের কাছ থেকে আমানত নিরাপদ থাকার আশ্বাস পাওয়ার পর অনেকে আবেদন প্রত্যাহার করেছেন।

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবেদুর রহমান সিকদার বলেন, আবেদন করা সব গ্রাহকের টাকা ফেরতের ব্যবস্থা করা হয়েছে। তবে প্রথম দিনে সবাই টাকা নিতে আসেননি। অনেক গ্রাহক ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে আমানত চালু রাখার কথা জানিয়েছেন। আবার কেউ কেউ টাকা তুলে কিছুক্ষণ পরই তা আবার ব্যাংকে জমা করেছেন।

সোশ্যাল ইসলামী ব্যাংকের মতিঝিল শাখার গ্রাহক মশিউর রহমান বলেন, তিনি টাকা তোলার জন্য আবেদন করেছিলেন। পরে ব্যাংকের কর্মকর্তারা জানান, এখন টাকা তুললে মুনাফা পাওয়া যাবে না। পাশাপাশি আমানত নিরাপদ থাকার বিষয়েও তাকে আশ্বস্ত করা হয়েছে। তাই তিনি আবেদন প্রত্যাহার করে টাকা মেয়াদি হওয়ার পর মুনাফাসহ উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছেন।

গ্লোবাল ইসলামী ব্যাংকের গুলশান শাখার গ্রাহক মোহাম্মদ শাহাদাত বলেন, বাবার চিকিৎসার জন্য তার টাকার প্রয়োজন ছিল। দীর্ঘদিন টাকা তুলতে না পেরে ভোগান্তিতে ছিলেন। প্রথম দিন আবেদন করার পর সোমবার টাকা ফেরত পেয়েছেন। এতে তিনি স্বস্তি প্রকাশ করেন।

অনেকেই কোনো জটিলতা ছাড়াই টাকা তুলতে পেরেছেন। দীর্ঘদিন পর নিজেদের জমানো টাকা হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করেন তারা। টাকা পাওয়ার পাশাপাশি সম্মিলিত ইসলামী ব্যাংক কথা রেখেছে বলেও সন্তোষ প্রকাশ করেন আমানতকারীরা।

ইউনিয়ন ব্যাংকের মতিঝিল শাখার এক গ্রাহক বলেন, ‘আমানত ফেরত পাওয়া নিয়ে চিন্তায় ছিলাম-পাব কি না। পরিস্থিতি আসলে সেদিকেই গিয়েছিল। টাকা হাতে পেয়ে খুব ভালো লাগছে। আরও আগে পেলে আরও ভালো হতো। তারপরও টাকা হাতে পেয়ে সব দুশ্চিন্তা দূর হয়েছে।’

এদিকে, এক্সিম ব্যাংকের মতিঝিল শাখায় কিছু গ্রাহক টাকা তুললেও অনেকে মুনাফার বিষয়ে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান।

টাকা ফেরতের পাশাপাশি ৭ সেপ্টেম্বর থেকে অনলাইনে অর্থ স্থানান্তর কার্যক্রমও শুরু করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক। ফলে দীর্ঘদিনের স্থবিরতার পর ব্যাংকটির কার্যক্রমে কিছুটা গতি ফিরেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা চলতি ও সঞ্চয়ী হিসাবের টাকা এবং মেয়াদি আমানতের মূল টাকা উত্তোলন করতে পারবেন। তবে, মেয়াদি আমানতের পুরো মূল টাকা এককালীন তুলে নিলে সেটিকে পূর্ণ ও চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে গণ্য করা হবে এবং কোনো মুনাফা দেওয়া হবে না।

অন্যদিকে, যারা এখনই টাকা তুলবেন না এবং আমানত চালু রাখবেন, তারা চুক্তি অনুযায়ী নির্ধারিত হারে মুনাফা পাবেন। ব্যাংকের সার্বিক কার্যক্রম স্বাভাবিক হলে পরবর্তীতে মুনাফাসহ অর্থ জমা ও উত্তোলনের সুযোগ থাকবে।

চরম অনিয়ম ও ঋণ জালিয়াতির কারণে সংকটে পড়া এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে।

এসব ব্যাংকে প্রায় ৭৬ লাখ আমানতকারীর মোট ১ লাখ ৪২ হাজার কোটি টাকার আমানত ছিল। এর মধ্যে ব্যক্তি আমানতকারীদের সঞ্চয়ী হিসাবেই রয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা।

আমানতকারীদের অর্থ ফেরত দিতে রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে সম্মিলিত ইসলামী ব্যাংককে ৫ হাজার কোটি টাকা সরবরাহ করা হয়।পরে সোমবার সকালে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে বিভিন্ন শাখায় টাকা পাঠানো হয়।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *