✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎
ঘূর্ণিঝড় আকভান-এর প্রভাবে আগামীকাল শনিবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তিন বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। তবে পরদিন রোববার থেকে বৃষ্টির প্রবণতা কমতে পারে বলে আভাস রয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বিশেষ করে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে আগামী রোববার থেকে বৃষ্টির প্রবণতা কমে আসবে বলে জানিয়েছে সংস্থাটি।
পূর্বাভাসে বলা হয়, আগামীকাল দেশের ছয় বিভাগের অনেক জায়গায় ও দুই বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। এ দিন সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী রোববার ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আগামী সোমবার সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পরদিন মঙ্গলবার সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ওই দিন রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পরবর্তী পাঁচ দিনেও রাতের তাপমাত্রা আরও কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমিল্লায়। এ ছাড়া ফরিদপুরে ৫১ মিলিমিটার, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় ৪৩, মাদারীপুরে ৪৩ এবং চাঁদপুর ও খুলনায় ৩৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানী ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৬ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
